স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপ নিয়ে মাশরাফি বিন মুর্তজার মনের ছবি-কল্পনাটা কি? মিরপুর স্টেডিয়ামের প্রেসবক্সের ছাদটা দেখিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, বিশ্বকাপের পর যেন সবাইকে নিয়ে ট্রফিসহ এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারি।
সংবাদ সম্মেলন শেষে তত্ক্ষণাত্ উত্তর ছিল এটি। তবে গতকাল প্রায় ৪০ মিনিট দীর্ঘ সংবাদ সম্মেলনে মাশরাফি বিশ্বকাপে বাংলাদেশ দলের করণীয়, দুর্বলতা, শক্তি নিয়ে কথা বলেছেন। দলের পাশে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
n সামর্থ্যে বিশ্বাস রাখতে হবে
আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের সব সামর্থ্য আছে। যে কোনো অবস্থানে আমরা লড়াই করবো। এই মানসিকতা থাকলে ৩২০ করতে বা প্রতিপক্ষকে ২৫০-এ অলআউট করা সম্ভব। সবাই যেমন সর্বশক্তি দিয়ে খেলবে, আমাদেরও তাই নিয়ে মাঠে নামতে হবে।
n বিশ্বকাপে ভালো করতে আবশ্যক
আমার কাছে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ; একটা হলো- শুরুর দিকে উইকেট না দেয়া যদি আমরা আগে ব্যাটিং করি। দুইটা উইকেট যদি পড়ে যায়, আমরা চাপে পড়ে যাবো। দুই নম্বর বিষয় হলো- আগে বোলিং করলে দ্রুত উইকেট নেয়া। আমার মনে হয় ইংল্যান্ডের কন্ডিশনে এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ হবে। আর একটা বিষয় হলো ৪৩ ওভারের পর বোলিং ও ব্যাটিং, দুইটা জায়গা ঠিক রাখতে হবে। মিডল পার্টে আমরা ভালো করছি। আমরা যদি এই দুইটা বিষয় ঠিক রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা অনেকগুলো ম্যাচ জিততে পারবো।
n দলের দুর্বল দিক
যেহেতু আমাদের বড় ঘাটতি লেগ স্পিনার নেই আমাদের। এখানে আমাদের অভাব আছে। তবে সাকিব ওয়ার্ল্ড ক্লাস। মিরাজ খুব ভালো করছে। মুস্তাফিজ, রুবেল, সাইফউদ্দিন, আমি আছি। ইউনিট হিসেবে আমরা খারাপ না যে চাপ সামাল দিতে পারব না।
n দর্শকদের প্রতি আহ্বান
দর্শকদের বিষয়ে একটা কথাই বলবো- আমার ব্যক্তিগত চাওয়া আপনারা পুরো দলকে সাপোর্ট দিবেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে ম্যাচের পর ম্যাচ হেরেছি। তারপরও স্টেডিয়ামভরা দর্শক পেয়েছি। এখন দেশের বাইরে খেলতে যাচ্ছি। আশাকরি সেখানেও আপনাদের সাপোর্ট অবিরাম থাকবে। সামনে রোজা-ঈদ থাকলেও আপনারা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন। আমাদের পক্ষ থেকে ভালো করার ক্ষেত্রে কোনো আপস থাকবে না।