ঈশ্বরগঞ্জে পুলিশ কর্মকর্তা ক্লোজড
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৪২
ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কর্তৃক স্থানীয় ইউপি সদস্যকে নির্যাতন করার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তদন্ত কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যায় আঠারবাড়ি রেলস্টেশনে ক্ষুদে ব্যবসায়ী আলী উসমানকে টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশ আটক করে। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবুর রহমান (৪০) তদন্ত কেন্দ্রে এসে আটকের বিষয়টি জানতে চাইলে তার সাথে বাক বিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে ব্যাপক নির্যাতন চালায়। ইউপি সদস্য মো. হাবিবুর রহমানকে পুলিশি নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তদন্ত কেন্দ্র ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থার আশ্বাস দিলে উত্তেজিত জনতা ঘেরাও প্রত্যাহার করে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আঠারবাড়ি রেল স্টেশনে যাত্রী আনোয়ারা বেগমের (৬২) এক হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে আলী উসমানকে জিজ্ঞাসাবাদের জন্যে তদন্ত কেন্দ্রে আনা হয়। এ সময় ইউপি সদস্য হাবিবুর রহমান কেন্দ্রে এসে আটককৃতকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, পরিস্থিতি সামলাতে পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার রাতে ওই তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।