সেবায়েত ও পুরোহিত সংস্থার বিক্ষোভ

অর্পিত সম্পত্তির মত দেবোত্তর আইন করার পাঁয়তারা চলছে

গত শুক্রবার নগরীতে এক কর্মসূচি থেকে দেবোত্তর সম্পত্তি আইন ২০১২-এর খসড়া প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময়ে হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান গৌর গোপাল সাহার কুশপুত্তলিকা দাহ করে। চট্টগ্রামে শহীদ মিনারে বিকালে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সনাতনী মঠ, মন্দির আশ্রমের সেবায়েত ও পুরোহিত কল্যাণ সংস্থা। রিপন দাশের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জহর লাল চক্রবর্তী। সমাবেশের বক্তারা বলেন, সুবিধাভোগী গুটিকয়েক ব্যক্তি হিন্দু কল্যাণ ট্রাস্টের পতাকাতলে আশ্রয় নিয়ে সরকারকে ভুল বুঝিয়ে অর্পিত সম্পত্তি আইনের মত আরেকটি কালো আইন ‘দেবোত্তর সম্পত্তি আইন ২০১২’ বাস্তবায়ন করার পাঁয়তারা করছে। অথচ এই ব্যক্তিরা অনেক দেবোত্তর ও এতিমদের সম্পত্তি কুক্ষিগত করে ধনাঢ্য জীবন যাপন করছে। সমাবেশে বক্তব্য রাখেন হালিশহর লোকনাথ মন্দিরের সেবায়েত শ্রীমত্ স্বামী সূর্যানন্দ ব্রহ্মচারী, শংকরমঠ মিশনের তত্গতানন্দ ব্রহ্মচারী, নরসিংহ আখড়ার উজ্জল ভট্টাচার্য, করুণাময়ী কালীমন্দিরের সেবায়েত বিশ্বনাথ ভট্টাচার্য, চট্টেশ্বরী মন্দিরের সেবায়েত শিবু প্রসাদ চক্রবর্তী প্রমুখ। সমাবেশে তুলসি ধাম শংকরমঠ, ইসকনসহ নগরীর ৩০টি মন্দিরের পুরোহিত সেবায়েতগণ উপস্থিত ছিলেন।