ইত্তেফাকের সাবেক সংবাদদাতা শামসুল হক গুরুতর অসুস্থ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
ইত্তেফাকের সাবেক সংবাদদাতা, গফরগাঁও প্রেসক্লাব ও শহীদ বেলাল পাঠাগারের প্রতিষ্ঠাতা শামছুল হক গুরুতর অসুস্থ। শুক্রবার সন্ধ্যায় তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার প্রতিষ্ঠিত স্থানীয় শহীদ বেলাল পাঠাগারে কাজ করার সময় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (ব্রেনস্ট্রোক) সমস্যায় আক্রান্ত হন। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. রিদয়ানুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্নেহধন্য শামছুল হক ১৯৫৬ সালে সাংবাদিকতা পেশায় জড়িত হন। ১৯৫৮ সাল থেকে তিনি ইত্তেফাকের গফরগাঁওস্থ নিজস্ব সংবাদদাতা হিসাবে কাজ করেন। চিরকুমার শামছুল হক ১৯৬০ সালে প্রতিষ্ঠা করেন গফরগাঁও প্রেসক্লাব এবং ১৯৬২ সালে প্রতিষ্ঠা করেন শহীদ বেলাল পাঠাগার। সত্ ও নির্ভীক সাংবাদিক শামছুল হক গত অর্ধশতাব্দী ধরে তার পাঠাগারের বই সংগ্রহ এবং পাঠাগারের ব্যয় মেটাতে বিক্রি করে দিয়েছেন নিজের সমস্ত সহায় সম্পদ। বর্তমানে তিনি নিঃস্বপ্রায়। অর্থাভাবে তিনি নিজের চিকিত্সাও ঠিকমতো করাতে পারছেন না। প্রবীণ এই সাংবাদিকের চিকিত্সার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ সঞ্চয়ী হিসাব নং-৮৭৭৭, বাংলাদেশ কৃষি ব্যাংক, গফরগাঁও শাখা।