আওয়ামী লীগ বড় লোকের দল, আদর্শ বদলে যাওয়ায় দল ছেড়েছি :কাদের সিদ্দিকী
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দিন বদলের কথা বলে জনগণের ভোট নিয়ে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা প্রতারক। জনগণ এখন আসল গণতন্ত্র চায়, প্রতারকদের গণতন্ত্র চায় না। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কাউন্সিল হলে কৃষক শ্রমিক জনতা লীগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীরউত্তম। তিনি বলেন, যার চৌদ্দগোষ্ঠী দুর্নীতিতে জড়িত তাদের মুখে বড় বড় কথা মানায় না। আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধু ও ভাসানীর আদর্শের দল নয়, এটি বড় লোকদের দল। আদর্শ এভাবে বদলে যাওয়ায় আমরা আওয়ামী লীগ ছেড়েছি। তিনি বলেন, বিশ্বজিেদর রক্তাক্ত হত্যাকাণ্ড দেখার জন্যে দেশ স্বাধীন হয়নি। জনগণ গণতন্ত্রের মালিক, তারা সময়মত সিদ্ধান্ত নেবে কী করতে হবে।
জেএসডি সভাপতি আ.স.ম আব্দুর রব বলেন, এই সংবিধান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। নতুন সংবিধান লাগবে। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন নিজেই দুর্নীতিবাজ হয়ে গেছে।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বিশ্বব্যাংককে ইঙ্গিত করে বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে একটি অর্থলগ্নি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে জাতির কাছে প্রশংসা পেয়েছেন। অথচ সেই প্রতিষ্ঠানটির পরামর্শে দেশের নামি-দামি গুণীজনদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, এটা কাম্য হতে পারে না।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, সাবেক মন্ত্রী ও জাপা নেতা কাজী ফিরোজ রশীদ, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বেগম নাসরিন সিদ্দিকী ও ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।