এএফসি কাপ ফুটবল
স্পোর্টস রিপোর্টার
ভারতের আহমেদাবাদে এএফসি কাপ ফুটবলের ‘ই’ গ্রুপে চেন্নাইন এফসির বিপক্ষে খেলতে গিয়ে আবাহনীও এখন প্রচণ্ড গরমে পুড়ছে। সেখানে ঢাকার চেয়েও বেশি গরম যা ভোগাচ্ছে ফুটবলারদের। তবে খানিকটা আশার কথা হচ্ছে আজ মঙ্গলবার সেখানে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
আবাহনীর ফুটবলাররা আশা করছে দিনের চেয়ে সন্ধ্যায় গরম একটু কমতে পারে। তবে ঢাকায় এত গরমে খেলার অভ্যাস আবাহনীর ফুটবলারদের নেই। আবাহনীর কর্মকর্তারা ঢাকা থেকে ভারতের আহমেদাবাদে কথা বলে জানিয়েছেন ওখানে গরম ৪৫ ডিগ্রী ছাড়িয়ে গেছে। অসুস্থ হওয়ার ভয়ে কোনো ফুটবলার হোটেল রুম ছেড়ে বাইরে বের হচ্ছেন না। অনুশীলনে স্যালাইন খাচ্ছেন নিয়মিত।
গরমের কারণে গতকাল সকালে ৯টায় অনুশীলন করেছেন ফুটবলাররা। হোটেল গেট থেকে বাসে ওঠার সময় গরম বাতাস টের পান সোহেল, বেলফোর্ট, রায়হান, ওয়ালী ফয়সালরা। হোটেল থেকে অনুশীলন মাঠ আধঘন্টার পথ।
এএফসি কাপে আবাহনী গ্রুপ পর্বে এখন দ্বিতীয় স্থানে রয়েছে। দুই খেলায় ৪ পয়েন্ট। নেপালে গিয়ে প্রথম খেলায় মানাং মার্সিয়াংদি ক্লাবকে হারিয়েছে। দ্বিতীয়টিতে ঢাকায় ভারতের মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে ২-২ গোলে ড্র করে। মিনার্ভার বিরুদ্ধে জয় না পাওয়ায় আফসোস আছে আবাহনীর।