রংপুর মেডিক্যালে রোগীর
নিম্নমানের খাবার দেখে
মেয়রের ক্ষোভ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রোগীদের মাঝে খাওয়ার অযোগ্য খাদ্য সরবরাহ করায় স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হকের পদত্যাগ ও হাসপাতাল পরিচালক গোলাম মোস্তফার শাস্তি দাবি করেছেন রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টু। গতকাল শনিবার তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আফজালকে দেখতে গেলে রোগীদের জন্য খাওয়ার অযোগ্য ভাত, ডাল ও আলু দেখতে পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি এর প্রতিবাদ করলে খাবার সরবরাহকারী কর্মচারীরা তাকে পরিচালকের কাছে গিয়ে নালিশ করতে বলেন। পরে তিনি খাওয়ার অযোগ্য একটি প্লেট রংপুর প্রেসক্লাবে নিয়ে এসে সাংবাদিকদের দেখান।
রংপুর প্রেসক্লাবে তাত্ক্ষণিক এক সংবাদ সম্মেলন করে ঝন্টু খাওয়ার অযোগ্য খাদ্যের বর্ণনা দেন। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হকের পদত্যাগ এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফার শাস্তি দাবি করেন।