সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি

সাভারের গোরাটে অবস্থিত পোশাক তৈরির কারখানা ক্যাফে এ্যাপারেলসে গতকাল শনিবার সকাল থেকে পোশাক শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। পোশাক কারখানার প্রধান নিরাপত্তা প্রহরী এক শ্রমিককে মারধরের ঘটনায় শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক কারখানা ক্যাফে এ্যাপারেলসের মূল ফটকে গতকাল সকালে প্রধান নিরাপত্তা প্রহরী আব্দুল আজিজ পোশাক শ্রমিক মামুনুর রশিদকে লাঞ্ছিত করে। কারখানার ভিতরে গিয়ে মামুন তার সহকর্মীদের ঘটনা জানালে গোটা কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করে। ওই কারখানায় শ্রমিকরা গতকাল কোন কাজ করেননি।