বটিয়াঘাটায় ইউনিয়ন পরিষদ
গভর্ন্যান্স প্রজেক্ট শীর্ষক
কর্মশালা অনুষ্ঠিত
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৮
ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) উপজেলা পর্যায়ে অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল শনিবার বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত ৭টি বিভাগের ৭টি জেলায় যে পাইলট প্রকল্প হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় এ কর্মশালা। কর্মশালায় ইউনিয়ন পরিষদে সুশাসন নিশ্চিত করা, উন্নয়নের সকল পর্যায়ে জনগণের অংশগ্রহণ, মৌলিক সেবাসমূহ প্রদান, নারীদের অংশগ্রহণ, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ বাস্তবায়ন বেগবান করা, সেবার মান বৃদ্ধি, রাজস্ব উন্নয়ন, কর নির্ধারণ, কর খেলাপী ব্যবস্থাপনা, কর আদায়, বার্ষিক পরিকল্পনা, জনগণের তত্ত্বাবধান, গ্রাম আদালত, দক্ষতা বৃদ্ধি, গণতন্ত্র সুসংহতকরণসহ বিভিন্নভাবে স্থানীয় প্রশাসনকে স্বাবলম্বী করার বহুবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুল হাকিম, ভাইস-চেয়ারম্যান নিতাই গাইন, এনডিসি আলীমুন রাজিব, সহকারী কমিশনার (ভূমি) ইবাদত হোসেন, মুক্তিযোদ্ধা আফজাল হসেন প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা সদস্যা, সচিব, সাংবাদিক ও অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন।