পাঁচমাসে ৯০ কোটি ৬০ লাখ ডলারের বৈদেশিক সহায়তা এসেছে

চলতি অর্থবছরের প্রথম পাঁচমাসে (জুলাই-নভেম্বর) ঋণ ও অনুদান মিলিয়ে ৯০ কোটি ৬০ লাখ ডলারের বিদেশী সহায়তা এসেছে। এর আগের বছরের সময়কালে এসেছে ৪৩ কোটি ৭৩ লাখ ডলার। অর্থাত্ এ সময়কালে দ্বিগুণের বেশি অর্থছাড় করছে উন্নয়ন সহযোগীরা। অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বরে সুদ ও আসলবাবদ সরকারকে ৩৯ কোটি ৪৫ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে। অর্থাত্ আলোচ্য সময়ে প্রকৃত প্রাপ্তি হয়েছে ৫০ কোটি ১৫ লাখ ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে। ইআরডি সূত্রে জানা গেছে, জুলাই-নভেম্বর মাসে ঋণ হিসেবে বাংলাদেশে এসেছে ৭৩ কোটি ১৭ লাখ ডলার। গতবার একই সময়ে এর পরিমান ছিল ২৮ কোটি ৫৪ লাখ ডলার। আর এবার আলোচ্য সময়ে অনুদান হিসেবে এসেছে ১৭ কোটি ৪৮ লাখ ডলার। আর গতবার এর পরিমান ছিল ১৫ কোটি ১৮ লাখ ডলার। জুলাই-নভেম্বর মাসে প্রতিশ্রুতিও কমেছে। গতবার এই সময়ে প্রতিশ্রুতির পরিমান ছিল ২২৪ কোটি ৮৭ লাখ ডলার। আর এবার তা কমে হয়েছে ১৮৬ কোটি ৬২ লাখ ডলার। তবে গতবারের চেয়ে এবার কম সুদাসল পরিশোধ করতে হয়েছে। এবার পরিশোধ করতে হয়েছে ৩৯ কোটি ৪৫ লাখ ডলার। এরমধ্যে মূল ৩১ কোটি ৫৫ লাখ ডলার আর সুদ ৭ কোটি ৮৯ লাখ ডলার রয়েছে। প্রথম পাঁচমাসে বিশ্বব্যাংক সবচেয়ে বেশি ৩৩ কোটি ৭৬ লাখ ডলার ছাড় করেছে। এছাড়া এশীয় উন্নয়ণ ব্যাংক (এডিবি) ১৫ কোটি ২৪ লাখ ডলার, চীন ৫ কোটি ৮০ লাখ ডলার, ভারত ৩ কোটি ১১ লাখ ডলার, জাপান এক কোটি ৭২ লাখ ডলার, জাতিসংঘের অঙ্গসংস্থাসমুহ ৬ কোটি ৬৬ লাখ ডলার অর্থ ছাড় করেছে