জবাব দিচ্ছে বাংলাদেশি কিশোররা

বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৬

স্পোর্টস রিপোর্টার

গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের মধ্যে প্রথম তিন দিনের ম্যাচ। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৮ রানে অল-আউট হয়েছে পাকিস্তানি দলটি। জবাবে বাংলাদেশের কিশোররা দিনশেষে ৫ উইকেটে ১১৯ রান তুলেছে।

পাকিস্তানি কিশোর দলটির ইনিংসকে নিয়ন্ত্রণ করে রাখেন বাংলাদেশি বোলার মুশফিক হাসান। দিনের পঞ্চম ওভারেই তিনি তুলে নেন মোহাম্মদ শেহজাদের উইকেট। এরপর মোহাম্মদ ওয়াকাস ও উমের ইমান চেষ্টা করেছিলেন পাকিস্তানের ইনিংসটা বড় করার; কিন্তু দুই জনকেই আউট করেন মাহফুজুর রহমান রাব্বি। আর এরপর পরপর ৩ উইকেট তুলে নেন মুশফিক হাসান। সবমিলিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি।

জবাব দিতে নামা বাংলাদেশের ওপেনারি সাজ্জাদ হোসেন মিরাজ শূন্য রানেই রান-আউট হয়ে ফেরেন। এরপর মফিজুল ইসলাম রবিন ও সাকিব শাহরিয়ার ৫০ রানের একটা জুটি করেন। সাকিব ৪৩ রান করে ফেরেন। আর রবিন ২৮ রান করেন। দিনশেষে উইকেটে আছেন রিহাদ খান ও রাব্বি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান অনূর্ধ্ব-১৬—১ম ইনিংস: ৫০.৪ ওভারে ১৪৮/১০ (ওয়াকাস ৩৯, উমের ৩২; মুশফিক ৪/৩৭, আশিকুর ২/২২, রাব্বি ২/৪৭)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬—১ম ইনিংস: ৩৭ ওভারে ১১৯/৫ (সাকিব ৪৩, রবিন ২৮, রিয়াদ ব্যাটিং ১৮, রাব্বি ব্যাটিং ২; খালিদ ২/২৫)।