ন্যানিকে ছাড়ছে না ম্যান ইউ

ইনজুরির কবলে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার ন্যানির আর্সেনালে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রেড ডেভিলসদের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন। স্যার অ্যালেক্স সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘আমরা তাকে যেতে দিচ্ছি না। আগামী বছর দেড়েকের মধ্যে তার সঙ্গে চুক্তিও শেষ হচ্ছে না। সে দারুণ প্রতিভাবান এবং ম্যান ইউতে তার কার্যকারিতা এখনো ফুরিয়ে যায়নি।’ কিছুদিন ধরেই ম্যানইউর বেঞ্চে বসছেন ন্যানি। ইনজুরির পাশাপাশি এর পেছনে দায়ী করা হচ্ছে দলের সঙ্গে চুক্তি নবায়ন করা নিয়ে সৃষ্ট জটিলতাকেও।আলোচনায় এসেছে দলের আরেক তরুণ মিডফিল্ডার ডেভিড পেট্রুচির সঙ্গে তার বিবাদের বিষয়টিও।এসব কিছুরই ফলাফল হিসেবে গত নভেম্বরে ব্রাগায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পরে আর মাঠে নামা হয়নি তার। পর্তুগীজ খেলোয়াড়টিকে নিয়ে সৃষ্ট জটিলতার এই সময়ে চলতি মাসের শুরুতে স্পোর্টস মেইল খবর দেয় ওয়েঙ্গারের ন্যানিকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা। তখন থেকেই ন্যানির দল ছাড়ার গুঞ্জন শুরু হয়। তবে ন্যানিকে না পেলেও আর্সেনাল অনেকটাই এগিয়ে গেছে সাউদাম্পটনের ১৭ বছর বয়সী লেফট ব্যাক লুক শ কে পাওয়ার ব্যাপারে। ৫০ লাখ পাউন্ডে তাকে দলে ভিড়িয়ে এ মৌসুমে বাজে ফর্মে থাকা ব্রাজিলিয়ান আন্দ্রে সান্তোসের বিকল্প হিসেবে দাঁড় করাতে চান।