নৌবাহিনীতে যোগ দিলেন হকি তারকা চয়ন

হকির তারকা খেলোয়াড় মামুনুর রহমান চয়নকে আর ঢাকার ঘরোয়া হকি লিগে দেখা যাবে না। তিনি নৌবহিনীতে পেটি অফিসার হিসেবে যোগ দিয়েছেন। তিনি চাকরির সুবাদে এখন থেকে মূলত নৌবাহিনীর হয়ে খেলবেন। চয়ন দেশের অন্যতম সেরা খেলোয়াড়। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট। তার মতো করে এখনো কোনো পেনাল্টি কর্নার স্পেশালিস্ট পাওয়া যায়নি এদেশে। হকির প্রতি অনুরাগের কারণেই নাকি নতুন চাকরিতে যোগ দিয়েছেন। চয়ন বললেন, ‘নিয়মিত খেলা হয় না। হকির যে পরিস্থিতি তাতে এখানে ভবিষ্যত্ দেখছি না। নিশ্চিত জীবন পাওয়ার প্রত্যাশায় চাকরিতে চলে গেলাম।’ বাবা মতিয়ার রহমান সরকারি চাকুরে। তার পরামর্শেই ক্লাব হকি ছেড়েছেন এই তারকা। তবে ঘরোয়া লিগ খেলতে পারবেন না বলে কষ্ট পাচ্ছেন চয়ন। ক্লাব হকির উত্তেজনা অনুভব করবেন। তিনি বললেন, ‘ভালো খেললে গোল করলে পত্রিকায় ছবি ছাপা হয়। এখন আর সেটা হবে না; কিন্তু জীবন তো থেমে থাকবে না।’ হকি থেকে বিদায়টা ভালো হবে মনে করে নৌবাহিনীতে যোগ দিয়েছেন বিকেএসপির সাবেক এই ছাত্র। মোহামেডানের অধিনায়ক চয়ন গত লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। তারও আগে লিগে একবার ১৭ গোল, আরেকবার ২৪ গোল করে সেরা গোলদাতা হয়েছিলেন। সাত বছর ঘরোয়া লিগে খেলছেন তিনি। একবার আবাহনী এবং তিন বার মোহামেডানে খেললেন। সাদাকালো জার্সি গায়ে লিগের ক্যারিয়ার শেষ করলেন চয়ন। ২০০৭ সালে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব দিয়ে জাতীয় দলের জার্সি জড়িয়েছিলেন। আগামীতেও খেলতে চান। ঘরোয়া হকি একজন ভালো মানের খেলোয়াড়কে পাবে না— জানালেন আরেক সাবেক তারকা খেলোয়াড় আরিফুল হক প্রিন্স। চয়ন জানালেন লিগ খেলতে না পারলেও তিনি অন্যান্য টুর্নামেন্ট খেলবেন। ডাকলে জাতীয় দলেও খেলবেন।