ধানমন্ডিতে ছিনতাইয়ের কবলে বিয়ের গাড়ি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
রাজধানীর ধানমন্ডিতে গত শনিবার রাতে ছিনতাইয়ের কবলে পড়েছে একটি বিয়ের গাড়ি। ছিনতাইকারীরা বর ও কনেসহ বরযাত্রীদের কাছ থেকে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসবের মধ্যে রয়েছে নববধূর গয়না, মোবাইল সেট, নগদ টাকা এবং মূল্যবান সামগ্রী। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় ধানমন্ডি থানায় কোন মামলা হয়নি।
ছিনতাইকারীদের কবলে পড়া অষ্ট্রেলিয়া প্রবাসী বর ফয়সাল হাসান চৌধুরীর মামা পারভেজ হালিম জানান, শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ফয়সালের সঙ্গে এবং শ্রম সচিব মিখাইল শিপারের মেয়ে শারমিন শিপারের বিয়ের অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে তারা ফয়সালের ধানমন্ডির ৯ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে ফিরছিলেন। রাত ১টার দিকে ৯ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির সামনে গাড়ি থামিয়ে বন্ধু-বান্ধবদের বিদায় দিচ্ছিলেন। গাড়িতে নববধূসহ ফয়সালের শ্যালক ও শ্যালিকাও ছিলেন।
পারভেজ হালিম বলেন, হঠাত্ দু’টি গাড়ি এসে তাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একটি ব্লু রঙয়ের ট্যাক্সি ক্যাবে ৩ জন এবং একটি এক্স করোলা প্রাইভেটকারে ১ জন আসে। ৩ জনের হাতে ছিল চাপাতি। একজনের হাতে পিস্তল। এরপর ছিনতাইকারীরা সবার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল ছিনিয়ে নিয়ে চলে যায়।
পারভেজ হালিম বলেন, ছিনতাইকারীরা ২ হাজার ডলার মূল্যের একটি হাত ঘড়ি, নগদ টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার এবং ৫টি দামী মোবাইল সেট ছিনিয়ে নেয়। তিনি জানান, সঙ্গে সঙ্গেই ঘটনাটি র্যাব এবং পুলিশকে জানানো হয়। রাতেই র্যাব-পুলিশের দল ঘটনাস্থলে আসে। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি মালামাল উদ্ধারের চেষ্টাও করা হচ্ছে। এদিকে গতকাল সন্ধ্যায় ধানমন্ডি থানার ডিউটি অফিসার এএসআই ইকবাল হোসেন বলেন, এই ঘটনায় থানায় কোন মামলা বা জিডি হয়নি।