নারায়ণগঞ্জে কিশোরকে
জবাই
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় ডালিম (১৪) নামের এক কিশোরকে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরের ১নং বাবুরাইল মসজিদ সংলগ্ন আনিস মিয়ার টিনশেড বাড়ি থেকে ডালিমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ওই সময়ে লাশটি কম্বল ও লেপ দিয়ে মোড়ানো ছিল। পুলিশের ধারণা লাশ উদ্ধারের কিছু সময় আগেই ডালিমকে হত্যা করা হয়েছে। কারণ ঘরের মেঝেতে তখনো রক্তের ছোপ ছিল।
ডালিম একটি জুতার দোকানের শ্রমিক ছিল। তার বাবার নাম বাদশা মিয়া। তবে কয়েক বছর আগে ডালিমের মা আকলিমা বেগমের সঙ্গে বাদশা মিয়ার বিবাহ বিচ্ছেদ হয়েছিল।
বাড়ির মালিক আনিছ জানান, শনিবার রাতে এক লোক তার ভাড়াটিয়ার ঘর থেকে টিভি নিয়ে দৌড়ে পালাচ্ছে এমন খবর শুনে তিনিসহ কয়েকজন ভাড়াটিয়া ঘরের সামনে আসেন। এসময় একটি লোককে তারা দৌড়ে যেতে দেখে তার পিছু নিলেও সে পালিয়ে যায়। পরে তিনি ঘরে উকি দিয়ে দেখেন মেঝেতে ডালিমের লাশ পড়ে আছে।