মামলা জটিলতায় অনাদায়ী ২৭ হাজার কোটি টাকার রাজস্ব
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
মামলা সংক্রান্ত জটিলতায় শুল্ক ও আয়কর বাবদ প্রায় ২৭ হাজার কোটি টাকা অনাদায়ী রয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। এর মধ্যে শুল্ক বাবদ অনাদায়ী রয়েছে ২২ হাজার কোটি টাকার বেশি এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে রয়েছে আরো প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। তিনি বলেন, কর সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতার মাধ্যমে যেমন অর্থের অপচয় হয় তেমনি বছরের পর বছর ঝুলে থাকার কারণে এর সুফলও পাওয়া যায় না। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় ন্যায় বিচারও পাওয়া যায় না। অপরদিকে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) ব্যবস্থায় দুই মাসের মধ্যে এ বিষয়গুলো নিষ্পত্তি করার বিধান রয়েছে। এতে ব্যবসায় খরচ কমার পাশাপাশি হয়রানি কমে। এর মাধ্যমে স্বচ্ছতা ও দুর্নীতিও অনেকাংশে রোধ হবে বলে উল্লেখ করেন তিনি।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়কর সংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনবিআরের ট্যাক্স লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট বিভাগের সদস্য কালিপদ হালদারের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন এনবিআর সদস্য বশির উদ্দিন।
কালিপদ হালদার তার উপস্থাপনায় জানান, গত জুন মাস থেকে এ পর্যন্ত ৪৮টি মামলা এডিআরে এসেছে। এর ১২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এডিআরে আসা মামলাগুলোর রাজস্ব মোট ১৭৪ কোটি টাকা। এর মধ্যে ৮৭ কোটি টাকার রাজস্ব আদায়ের প্রক্রিয়া চলছে এবং ২৫ কোটি টাকা আদায় হয়েছে।
গোলাম হোসেন আরো বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ আয়কর, শুল্ক এবং মূল্য সংযোজন কর (মূসক) তিন ধরনের রাজস্ব মামলাতে প্রয়োগের সুযোগ আছে। কিন্তু এখন পর্যন্ত শুল্ক এবং মূসকের কোন মামলা এডিআরে আসেনি। কিন্তু এ ধরনের মামলাও এডিআরে আনতে উত্সাহ দিতে হবে।