আজ ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবে দুদক

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতি করে সাড়ে তিনশ কোটি টাকা নেয়ার ঘটনায় ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজ সোমবার রাজধানীর যে কোনো থানায় ২৬টি মামলা দায়ের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু সাংবাদিকদের এ কথা জানান। দুদক কমিশনার আরো বলেন, হলমার্কের মতো করে পাঁচটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে অনিয়মের মাধ্যমে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা ফান্ডেড ঋণ নিয়েছে। দুদকের অনুসন্ধান টিম ঘটনাটি অনুসন্ধান করে কমিশনে রিপোর্ট জমা দেয়ার পর কমিশন মামলা দায়েরের অনুমোদন দেয়। এর প্রেক্ষিতে আজ সোমবার মামলা দায়ের করা হবে বলে তিনি নিশ্চিত করেন। এছাড়া সোনালী ব্যাংক থেকে আরো হাজার কোটি টাকা আত্মসাত্ হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দুদক আমলে নিয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, যেখানে অর্থ আত্মাসাত্ ও দুর্নীতির খবর পাওয়া যাবে দুদক সেখানে হানা দেবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেইন প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এ অভিযোগ অনুসন্ধান প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে আছে। দুদক সূত্র জানিয়েছে, হলমার্ক গ্রুপের কায়দায় আরো পাঁচ প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাত্ করে। এর মধ্যে আছে টি অ্যান্ড ব্রাদার্স, প্যারাগন নিট অ্যান্ড কম্পোজিট, খানজাহান আলী সোয়েটার, নকশি নিট কম্পোজিট এবং ডিএন স্পোর্টস। ৫টি প্রতিষ্ঠান প্রায় হাজার কোটি টাকা আত্মসাত্ করে। গত অক্টোবরের মাঝামাঝি সময় এ পাঁচ প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক। দীর্ঘ অনুসন্ধান শেষে ৩৩ জনকে আসামি করে মামলার অনুমোদন চেয়ে কমিশনে রিপোর্ট জমা দেন অনুসন্ধান কর্মকর্তারা।