সিংহ রাশি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ১৯:২৬
Leo
[ জুলাই ২৩-আগস্ট ২২ ]
শাসক গ্রহ :রবি।
বৈশিষ্ট্য :আগুন।
সংখ্যা :১।
রং :লাল, সোনালি, হলুদ চকোলেট।
ধাতু :সোনা ও পিতল।
রত্ন :রুবি, পোখরাজ, প্রবাল।
দিন : রবিবার।
সিংহ ব্যক্তিত্ব
নেপোলিয়ান বোনাপার্ট, বার্নার্ড শ, আর্কিমিডিস, ফ্রিদেল ক্যাস্ট্রো, হেনরি ফোর্ড, জিয়াউল হক, স্যার ওয়াল্টার স্কট, আলফ্রেড হিচকক, সালভেদর আলেন্দে, কুলদীপ নায়ার, বেগম খালেদা জিয়া, এম আর আখতার মুকুল, ববিতা, জহির রায়হান, হাসান ইমাম, ড. কাজী মোতাহার হোসেন।
জে নে নি ন আ প নি কে ম ন সি ং হ ?
সিংহ নামক পশুটি বনের অন্যান্য পশুগুলোকে শাসন করে, সিংহ ব্যক্তিটিও একই ভাবে সবাইকে নিয়ন্ত্রণ করে। সিংহ ব্যক্তি কখনও হয়ে ওঠে অত্যন্ত কর্মোদ্দীপনাময় ব্যক্তিত্ব আবার কখনও আভিজাত্যময় হাম তুলতে তুলতে হয়ে ওঠে সুন্দর ধরনের অলস। অধিকতর লাজুক সিংহ কিংবা সিংহীরা ঘরেই তাদের আনন্দ উল্লাস করতে পছন্দ করে। সিংহরা অন্ধকার আর একঘেয়েমিকে সমানভাবে ঘৃণা করে।
শেখাবার প্রতি তাদের এই ভালোবাসার কারণেই অধিক সংখ্যক সিংহ শিক্ষকতা, রাজনীতি কিংবা মনোবিজ্ঞানী হয়ে ওঠেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যুক্তি দিয়ে বিবেচনা করবার ক্ষেত্রে তারা বেশ পারদর্শী এবং কারও জীবনের খুঁটিনাটি সমস্যাগুলোও তারা বিচক্ষণতার সাথে মোলায়েম করে তুলতে সক্ষম। তবে খুবই খারাপ হলো যে তারা তাদের নিজের জীবনের সমস্যাগুলোকে একই রকম দক্ষতা কিংবা আরামের সাথে সমাধান করতে পারে না। তারপরও, তাদের এই গুণটিই তাদেরকে এত প্রত্যক্ষভাবে ভালোবাসার মানুষে পরিণত করে; তার নির্ভেজাল শ্রেষ্ঠত্ব, আর চমকপ্রদ ক্ষমতাগুলো আবার যেন দুঃসাহসীভাবে একরকম শোচনীয় আর প্রত্যক্ষভাবেই দুর্বল আত্মঅহংকারের সাথে মিশে যায়। কিন্তু মজার ব্যাপার হলো এই গর্বিত, মর্যাদাশালী বিড়ালটিই ভঙ্গুর? বস্তুত তাই। সে গভীরভাবে আহত হয় যদি কেউ তার জ্ঞান এবং তার মহত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করেন। তাকে বশ করবার জন্য, আর কিছু নয়, শুধু একটু প্রশংসা করতে হবে। কিছু কিছু সিংহ রয়েছে যারা এই ধরনের প্রবণতাগুলোকে সফলভাবে নিয়ন্ত্রণ করতে জানে, কিন্তু এই রাশির প্রতিটি জাতক-জাতিকার মাঝেই এই প্রবণতাগুলো সুপ্ত রয়েছে, এবং কিছু পরিমাণে সেটা সক্রিয়ও বটে।
সিংহ যখন নিজের অধিকার এবং নিজের মর্যাদা রক্ষার জন্য নিবেদিত তখন তাকে চ্যালেঞ্জ করার জন্যে একজনকে বেশ সাহসী হতে হয়। কিছু কিছু সিংহ বয়সের সাথে সাথে অনেক নম্র হয়ে ওঠে, কিন্তু তারা তাদের গর্বিত মস্তক কখনই নোয়ায় না। আর এই রাশির জাতকদের শারীরিক বৈশিষ্ট্যের জন্য সেইসব মানুষগুলোকে খুঁজুন যাদের সাথে সিংহ প্রাণিটির মিল খুঁজে পাওয়া যায়, যেমন একগুচ্ছ কেশর যেটা কপালের সমুখে এসে মুখ ঢেকে দেয়, এবং একটা প্রতারণাপূর্ণ অলস চাহনী।
এই রাশির রাজকীয়তার পূর্ণ বিকাশটা দেখা যায় যখন তারা আতিথেয়তায় নিয়োজিত হয়। তারা এমন একটা অনুভূতি দেবে যেন আপনি রাজকীয় প্রাসাদে আমন্ত্রিত হয়েছেন।
যেহেতু ক্ষমা আর দয়া দুটোই সিংহের সহজাত বৈশিষ্ট্য, তাই সিংহদের আবেগঘটিত সম্পর্কের ক্ষেত্রে পুনর্মিলনটা তাদের জীবনে বিচ্ছেদের মতোই বারবার সংঘটিত হয়। তাদের তীব্র ক্রোধ আর মর্যাদাহানীর তীব্রতাটা ম্লান হয়ে যখনই তারা নিঃসঙ্গ হয়ে ওঠে তখনই পুনর্মিলনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে জাগ্রত হয়। প্রায় সব সময়ই অনুরাগের আতিশয্যে তাদের সময় অতিবাহিত হয়, সে অনুরাগ যে শুধু বিপরীত লিঙ্গের প্রতি এমন নয়, বরং তাদের নিজের জীবনের প্রতিও বটে।
বি শে ষ জ্ঞে র চো খে কে ম ন যা বে আ প না র ২ ০ ১ ৩
অগ্নিরাশি সিংহের শাসকগ্রহ রবি। জ্যোতিষ বিজ্ঞানে রবি নক্ষত্র হলেও জ্যোতিষ শাস্ত্রের ভাষায় রবিকে গ্রহরাজ বলা হয়। রবির প্রভাবে সিংহের জাতক/জাতিকা রাজসিক মনোবৃত্তি সম্পন্ন এবং কর্তৃত্বকামী হয়ে থাকে। এরা সব সময় হুকুম করতে ভালোবাসে কিন্তু হুকুম পালন করতে তাদের ভালো লাগে না। সিংহের জাতক/জাতিকার শরীর-স্বাস্থ্য এ বছর খুব একটা ভালো যাবে না। মন প্রায়ই দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস প্রভৃতি ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। এ বছর কোনো ধরনের দুর্ঘটনা জনিত কারণেও অসুস্থ এবং শয্যাশায়ী হতে পারেন। সুতরাং দুশ্চিন্তামুক্ত ও খাওয়াদাওয়ায় সংযত থাকার চেষ্টা করুন।
চাকরিজীবীদের জন্য বছরটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা ঈর্ষাপরায়ণ হতে পারে এবং শত্রুতা করতে পারে। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। আপনার কর্তৃত্বকামিতা ও গোঁয়ার্তুমির জন্য দাম্পত্য ক্ষেত্রে অশান্তির সৃষ্টি হতে পারে। তবে সে অশান্তি খুবই স্বল্প সময়ের জন্য হবে। ভাই-বোন, স্ত্রী অথবা অধীনস্থদের সাথে কখনও রূঢ় এবং অপ্রীতিকর আচরণ করতে পারেন। পরে অবশ্য এজন্য অনুশোচনা করবেন। তবে আত্মীয়স্বজনরা অনেকেই আপনার কাছে সুযোগ নিতে আসবে এবং পরে আপনার বদনামও করবে।
বিদ্যার্থীদের জন্য বছরটি সম্ভাবনাময়। একটু মনযোগী হলেই পড়াশোনায় ভালো করবেন এবং কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তবে শেষ পর্যন্ত তা সামলে উঠতে পারবেন। প্রেমের ব্যাপারেও বছরটি শুভ। চেষ্টা করলে এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করা অসম্ভব হবে না। সন্তান লাভের জন্য বছরটি মোটামুটি অনুকূল। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে।
ব্যবসা-বাণিজ্যের জন্য বছরটি শুভ। ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জনের নানা রকম সুযোগ সৃষ্টি হতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও জয় লাভ করা আপনার জন্য খুব একটা কঠিন হবে না। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।