সারাদেশে সড়ক দুর্ঘটনায় আবারো ঝরলো ৮ জনের প্রাণ। এর মধ্যে যশোরে পরিবহনের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন, ঝিনাইদহে বাসচাপায় কাপড় ব্যবসায়ী, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক্টর চাপায় গৃহবধূ, লক্ষ্মীপুরের কমলনগরে যুবক, সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল চালক, নরসিংদীর মনোহরদীতে দিনমজুর এবং নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় এক কৃষক নিহত হয়েছে। ঝিনাইদহে দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসী। এবিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
যশোর: যশোরে গতকাল সোমবার হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজিবাইক চালক ইমরান হোসেন রানা (২৫) ও যাত্রী বাবুল আক্তার (২৫) নিহত হন। বেলা আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় মার্বেল ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক ইমরান হোসেন রানা সদরের সতীঘাটা এলাকার শেখ আনোয়ার হোসেনের ছেলে ও বাবুল আক্তার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামের বদর আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, এ ঘটনায় বাসচালক শামছুর রহমানকে আটক করা হয়েছে। ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় সরোয়ার বিশ্বাস (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল সোমবার বালু ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছয় সন্তানের জননী মনোয়ারা খাতুন (৫০) নিহত হন। কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় মো. মিলন হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক হাজী আবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। নরসিংদী: নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ গেইটে সোমবার বিকালে কাঁঠাল বোঝাই একটি দ্রুতগামী পিক-আপের ধাক্কায় শাহ আলম (৫০) নামে এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হন। বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় আসমত আলী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে।