বোচাগঞ্জে ব্র্যাকের কিশোর-কিশোরী মেলা

রবিবার জেলার বোচাগঞ্জ উপজেলায় ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির আওতায় বোচাগঞ্জ শাখার আয়োজনে দিনব্যাপী বিভিন্ন আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার সেতাবগঞ্জ বড় মাঠে অনুষ্ঠিত উক্ত মেলার মূল প্রতিপাদ্য বিষয়—‘কিশোর সু-রক্ষায় হবো সচেতন’ এই চিন্তা চেতনায় উজ্জীবিত হয়ে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। মেলার ১০টি স্টলে বিউটি পার্লার, হস্তশিল্প, পিঠা উত্সব, ব্র্যাক কর্মসূচি শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা ধরনের জ্ঞান আহরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোর-কিশোরীসহ আগত সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। এছাড়াও মেলায় কিশোরদের জন্য রিলেরেস, গামছা দৌড় ও মার্বেল চামচ দৌড়, কিশোরীদের মধ্যে বাই-সাইকেল চালনা, গোলক নিক্ষেপ, রশি টানাটানি। বোচাগঞ্জ উপজেলা বনাম পার্শ্ববর্তী কাহারোল উপজেলার কিশোরীদের মাঝে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসবের পাশাপাশি একটি দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র্যালি সেতাবগঞ্জ পৌর এলাকা প্রদক্ষিণ শেষে দিনাজপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মহসীন আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সহধর্মিণী সমাজসেবী রমিজা রৌফ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক চিন্ময় কুমার দেবশর্ম্মা। পরে এটিএন বাংলায় প্রচারিত মেঘে ঢাকা তারার শিল্পী তাসনুবা রিবা, তামান্না, সুলতানা, নীলা ও ব্র্যাকের কিশোরী ক্লাব সংগীতা, তৃপ্তি রায় ও অর্পিতা নাচে গানে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলে। উল্লেখ্য, উপজেলার ব্র্যাকের ১৬টি ক্লাবের ৪শ’ ৭৭ কিশোর-কিশোরী বর্ণিল সাজে মেলায় অংশগ্রহণ।