শীতার্তদের সাহায্যার্থে যারা এগিয়ে আসছেন

ব্যক্তিগতভাবে বা বেসরকারিভাবে কিছু শীতবস্ত্র দুস্থদের মাঝে বিতরণ করা হলেও সরকারিভাবে এখনো তা পুরোদমে শুরু হয়নি। প্রচণ্ড শীতে প্রত্যন্ত অঞ্চলের গরিব সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। শেরপুর \ শেরপুরের শ্রীবরদীতে এএইচএসিবি’র অর্থায়নে এসবিএসএস ও লাইফের ব্যবস্থাপনায় রবিবার মুক্তিযোদ্ধা এতিম প্রতিবন্ধীসহ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। লাইফ অব রুরাল এন্ড আরবান ডেভেলপমেন্টের উদ্যোগে ১ হাজার কম্বল ও ২শ সোয়েটার বিতরণ করা হয়। লাইফের প্রতিষ্ঠাতা কেএম সোলায়মান হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি খন্দকার মোহাম্মদ খুররম। ঠাকুরগাঁও \ এলাকার মাসুদ ওরফে তমাল জীবিকার তাগিদে এখন ঢাকায় থাকেন। তিনি সামাজিক যোগাযোগ ব্যবস্থা ফেসবুকের (থার্ড আইজ পেইজ) মাধ্যমে শীতার্তদের বাঁচাতে আহবান জানান। তার মানবিক আবেদনে সাড়া দিয়েছেন অনেকে। তাদের সহযোগিতায় মাসুদ রবিবার তার নিজ জেলা ঠাকুরগাঁর গোবিন্দনগর প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে ২২০টি কম্বল বিতরণ করেন। মোরেলগঞ্জ (বাগেরহাট) \ মোরেলগঞ্জে রবিবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলী কম্বল বিতরণ করেন। পৌর সদরের লঞ্চঘাট, এসএম কলেজ রোড, পৌর বাজার, বাসস্ট্যান্ড, উপজেলা প্রশাসন চত্বরের বিভিন্ন ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আশরাফুল আলম, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচএম মইনুল ইসলাম প্রমুখ। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) \ বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে গতকাল সোমবার রূপসদী ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে ১ হাজার কম্বল বিতরণ করা হয় । হাসপাতালের চেয়ারম্যান ও সাবেক উপ-সচিব মজিবুর রহমান, পরিচালক মোস্তাফিজুর রহমান, হাসপাতাল পরিচালক ও বিএসটির সাবেক পরিচালক শফিকুর রহমান কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) \ নবীনগরে রবিবার রাতে পৌর এলাকায় দুস্থ পরিবার ও ভাসমান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আনম নাজিম উদ্দীন। এছাড়া ২১টি ইউনিয়নের শীতার্ত মানুষের জন্য স্ব স্ব চেয়ারম্যানের নিকট শীতবস্ত্র তুলে দেন। বকশীগঞ্জ (জামালপুর) \ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিল্পপতি নূর মোহাম্মদ উপজেলার সাত ইউনিয়নের ৭ হাজার দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। ঐ সময় তার সাথে ছিলেন দলীয় নেতা আব্দুল ওয়াহেদ সাদা, আবু জাফর, বাবুল তালুকদার, জয়নাল আবেদীন প্রমুখ। সেনবাগ (নোয়াখালী) \ সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন এডুকেশন মনিটরিং গ্রুপের (ইএমজি) উদ্যোগে রবিবার এলাকার তিনশতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংগঠনের সেনবাগ উপজেলার বালিয়াকান্দি নতুন বাজারস্থ ইএমজি’র কার্যালয়ে মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় আলোচনাসভা হয়। সারিয়াকান্দি (বগুড়া) \ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম গত রবিবার বিকালে সারিয়াকান্দির মথুরাপাড়া বাজারে দুস্থ মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু. সাধারণ সম্পাদ সাহাজাত হোসেন পল্টন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সারিয়াকান্দি সরকারপাড়াস্থ সাবেক এমপির বাসভবনের সামনে শীতবস্ত্র বিতরণ করা হয় । পৃথক ২টি স্থানে উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নেন শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয় । পাংশা (রাজবাড়ী) \ রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান। উলিপুর (কুড়িগ্রাম) \ কুড়িগ্রামের উলিপুরে কেয়ার বাংলাদেশের উদ্যোগে ও এসকেএস ফাউন্ডেশন সৌহার্দ্য-২ কর্মসূচী বাস্তবায়নে গতকাল রবিবার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২শ’ ৫০টি দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ৫শ’ কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের উদ্বোধন করেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এ সময় দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ, টেকনিক্যাল ম্যানেজার ডিআরআর কেয়ার বাংলাদেশ সিদ্দিকুর রহমান, এসকেএস ফাউন্ডেশন সৌহার্দ্য-২ এর প্রোগ্রাম ম্যানেজার সৌমির কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।