এক্সপার্ট ওপিনিয়ন
নতুন বছরে কেমন স্বাস্থ্য প্ল্যান চাই
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ২১:২০
প্রত্যেকে নতুন বছরের শুরুতে নানা প্ল্যান-প্রগ্রাম এমনকি ফ্যামিলি বাজেটও ঠিক করে ফেলেন। আর বছর জুড়েই চলে এসব পরিকল্পনা বাস্তবায়ন। কানাডার একটি নিউজ এজেন্সি যেসব চিকিত্সক, স্বাস্থ্য সংগঠক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিভিন্ন ইস্যুতে পরামর্শ দিয়ে থাকেন তাদের মতামত চেয়েছিলেন কেমন হওয়া উচিত ২০১৩ এর স্বাস্থ্য পরিকল্পনা এ সম্বন্ধে ধারণা দিতে। যাতে করে ২০১৩ সালটি আমরা সুস্থ সুন্দরভাবে থাকতে পারি। বিশেষজ্ঞ ও এক্সপার্টদের এই পরামর্শের মধ্যে রয়েছে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করা, সুষম খাবার বা শরীরের জন্য উপযোগী খাবার নির্বাচন করা, মানসিক চাপ বা অবসাদ কমানোর উপায় খুঁজে বের করা, কম পরিমাণ মদ্যপান অথবা পরিহার করা, ধূমপান পরিহার এবং চিকিত্সার ক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা।
টরেন্টোর সেন্ট মাইকেল হসপিটালের চিকিত্সক ড: মাইক ইভান্স উল্লেখ করেন সারাদিনের কর্মব্যস্ত সময় থাকে আমাদের। এটা সঠিকভাবে করা যেমন জরুরি তেমনি শরীরটাকে ঠিক রাখাও জরুরি। আর এজন্য দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করা ভালো। কানাডার ডায়াবেটিস এক্সপার্ট ড: হার্টজেল গেরস্টেন, ড: পেরি কেনডাল-এর অভিমত কঠোর ব্যায়াম নয়, সুস্থতার জন্য মডারেট এক্সারসাইজই ভালো।
কানাডার হার্ট এন্ড স্ট্রোক ফাউন্ডেশনের বিশেষজ্ঞদের অভিমত: খাদ্য নির্বাচনে ৫ থেকে ১০ ভাগ সবজি ও ফল-মূল রাখুন। অটোয়ার ওয়েটলস এক্সপার্ট ড: ইয়োনি ফ্রিডফ মনে করেন বাসায় তৈরি ফ্রেস ফুড আহার করা উচিত। মানসিক চাপ কমাতে বলেছেন, ভ্যানকুভারের বিসি চিলড্রেন্স হসপিটালের বিশেষজ্ঞ ড: জিন পিয়েরি চ্যানোয়িন। তার মতে কাজ এবং অবসরের মধ্যে একটা সমন্বয় থাকা চাই। অধিক কাজ কম অবসর শরীরের ওপর চাপ বাড়ায়। টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের বিশেষজ্ঞ ড: জোয়েল মদ্যপান, ধূমপান কম করা অথবা পরিহার করা উচিত বলে মত দিয়েছেন। বরং এতে যে অর্থের সাশ্রয় হবে এটা দিয়ে কোন দরিদ্রের খাবার কেনার জন্য দান করুন। সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড: বনি হেনরির অভিমত: শিশুদের প্রয়োজনীয় টিকাদানের আওতায় আনুন।
হেলথ ফর টরেন্টোর মেডিক্যাল অফিসার ড: ডেভিড ম্যাককিওন মনে করেন নতুন বছরে শিশুদের স্বাস্থ্যের জন্য বেশি নজর দেয়া উচিত। তিনি মনে করেন শিশুদের সকালের নাস্তার অভ্যাস গড়ে তুলতে চেষ্টা করা উচিত। তাদের স্কুলে যাওয়ার সময় সঙ্গে যাওয়া, হাত পরিষ্কার করে ধুয়া, সাঁতার কাটতে শেখানো এবং দৈনন্দিন নিজেদের প্রয়োজন কিভাবে মিটাবে তা শিশুদের শিখানো উচিত।
চিকিত্সা সেবার পরিকল্পনার বিষয়টি সব সময় নিজের এবং পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার চিকিত্সকের সঙ্গে আলোচনা করুন। এমন অভিমত: হ্যামিলটনের ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: গর্ডন গায়েটের।
সব শেষে মতামত দিয়েছেন কানাডার স্বাস্থ্য বিভাগের চীফ মেডিক্যাল অফিসার ড: ডেভিড বাস্টার। বছরের শুরুতে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এই বিশেষজ্ঞের মতে অসুস্থতায় সেরে উঠার ক্ষেত্রে নিজের প্রত্যাশার কথা অন্যকে বলবেন না। বরং সেরে উঠার জন্য ভালো চিকিত্সা যেন পাওয়া যায় তাই নিশ্চিত করুন এবং সব সময় ভালো চিন্তা করুন। পাশাপাশি আপনার শারীরিক সমস্যা এবং বয়স অনুযায়ী বছরে কি ধরনের স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং কি ধরনের পরিকল্পনা নেবেন তাও ঠিক করে নেন। এমনকি পরিবারে নতুন অতিথির আগমনের সিদ্ধান্তটি নিতেও যথেষ্ট ভাবুন। অর্থাত্ বছর জুড়ে আপনার সুস্থ-সুন্দর জীবনের জন্য আজই এমন পরিকল্পনার কথা ভাবুন যা আপনার এবং আপনার পরিবারের জন্য স্বাস্থ্যকর হয়।