স্বাগতম ২০১৩
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
পঞ্জিকার নির্দিষ্ট নিয়মে আরো একটি খ্রিস্টীয় বছর বিদায় নিল কাল। ২০১২ সালকে বিদায় জানিয়ে গত মধ্যরাত ১২টা ১ মিনিটে শুরু হয়েছে ২০১৩ সাল। হ্যাপি নিউ ইয়ার! পুরনো বছরের সব ব্যর্থতা, হতাশা আর না পাওয়ার বেদনাকে পেছনে ফেলে আজ সামনে তাকাবার দিন। নতুন আশায় উদ্ভাসিত হওয়ার দিন।
আমাদের জাতীয় জীবনে ২০১২ সাল ছিল ঘটনাবহুল। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমাদের উত্কণ্ঠিত রেখেছিল সারা বছর। কর্মস্থলে অগ্নিদগ্ধ হয়ে শতাধিক গার্মেন্টস কর্মীর মৃত্যু। চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ধসে বহু প্রাণহানী জাতিকে বেদনার্ত করে তুলেছিল।
সংবিধান অনুযায়ী এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের প্রথম মাসে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কী হবে তা নিয়ে টানাপড়েন এ বছর রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে রাখবে। সরকারি দল চাইছে, বিদ্যমান সংবিধান অনুসারে দলীয় সরকার বহাল রেখেই নির্বাচন হবে। অন্যদিকে বিরোধীদল ঘোষণা দিয়েছে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে বিরোধীদল অংশগ্রহণ তো করবেই না, এমনকি দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না। এমন পরিস্থিতিতে এ বছর আবার কোন্ রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মুখোমুখি হতে হবে। সেই উদ্বেগ থেকে জাতি মুক্ত হতে পারছে না। কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক সংকট যেন জনজীবনকে বিপর্যস্ত না করে।
গত বছর দুই বাংলাদেশী নারী হিমালয়ের শীর্ষে আরোহণ করে সগর্বে উড্ডীন করেছিল লাল-সবুজ জাতীয় পতাকা। সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে ৩৮ মাসের বিরোধের নিষ্পত্তি হয়েছে। বিজয়ের মাসে ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়লাভ করে বাংলার টাইগাররা। নতুন বছরে আরো অনেক বিজয় তিলক আমাদের ললাটে গৌরবের চিহ্ন একে দিক— এই প্রত্যাশা।
প্রেসিডেন্টের বাণী
প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান নববর্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের দৈনন্দিন জীবনকে ইংরেজি নববর্ষ ব্যাপকভাবে প্রভাবিত করে। তিনি আশা প্রকাশ করেন যে, ইংরেজি নববর্ষ আমাদের সকলের জীবনে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ও অনাবিল সুখ বয়ে আনবে।
প্রধানমন্ত্রীর বাণী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, বিশ্বব্যাপী বাংলাদেশের প্রশংসা এবং মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে উজ্জীবিত করার ক্ষেত্রে ২০১২ সাল বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য বছর। তিনি মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
বিএনপি চেয়ারপার্সনের বাণী
নববর্ষ উপলক্ষে এক বাণীতে বিএনপির চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসী ও বিশ্ববাসীর অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, নতুন বছরটিকে শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
জেপির নববর্ষের শুভেচ্ছা
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং বিগত বছরের সকল ব্যর্থতা ও গ্লানিকে পেছনে ফেলে নতুন বছরকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা ও পশ্চাত্পদ চিন্তার বিরুদ্ধে নতুন শপথ গ্রহণের মধ্যদিয়ে বরণ করে নেয়ার আহ্বান জানান। বিবৃতিতে তারা দেশবাসীর কল্যাণের স্বার্থে সংকীর্ণ ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।