ঢাকায় খালেদা জিয়ার শীতবস্ত্র বিতরণ

রাজধানীর শীতার্ত, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রবিবার মধ্যরাতের পর শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বিএনপি’র গুলশানস্থ কার্যালয় থেকে শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যে রাজধানীতে বের হন খালেদা জিয়া। টিকাটুলী কামরুন্নেসা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করে রাজধানীতে প্রায় ২০টি স্পটে ১৫ হাজারের বেশি কম্বল বিতরণ করেন তিনি। খালেদা জিয়া মতিঝিলের সার্কুলার রোডের বায়তুল আমান জামে মসজিদ মার্কেট, ইস্কাটন রোড, বাংলামোটর লিংক রোড, ফার্মগেটের গ্রিন সুপার মার্কেট, ইন্দিরা রোড, সোবহানবাগ, রাসেল স্কয়ার, কলাবাগান, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত, কাঁটাবন, শাহবাগ মোড়, হোটেল রূপসী বাংলা মোড়, আমতলী, বনানী চেয়ারম্যান বাড়ি, কাকলি ও এয়ারপোর্ট এলাকাসহ রাজধানীর আরো বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করে রাত পৌনে ৪টার দিকে গুলশানের বাড়িতে ফেরেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।