ঢাবি শিক্ষকের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

রাজধানীর মিরপুরে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রীকে শ্বাসরোধ করে দুর্বত্তরা হত্যা করেছে। নিহত রওশন আরা (৬১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক মাহবুব-ই-সাত্তারের স্ত্রী। মিরপুরে গতকাল দুপুরে পুলিশ রওশন আরার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। ঘটনার পর নিহতের স্বামী বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। মিরপুর থানার ওসি সালেহ উদ্দিন জানান, নিহত বৃদ্ধার লাশ গতকাল দুপুরে তার বাসা থেকে উদ্ধার করা হয়। কাপড় দিয়ে তার হাত বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী জানান, তিনি গতকাল সকাল ৮টায় বাসা থেকে বের হন। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে তাকে ফোন করে আর পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ তার স্ত্রী ফোন ধরছেন না দেখে ওই বাড়ির ৬ তলার এক বাসিন্দার কাছে তিনি বিষয়টি জানান। তখন ওই প্রতিবেশী তিনতলায় গিয়ে রওশন আরার মৃতদেহ দেখতে পান। এ সময় ফ্ল্যাটের প্রধান দরজা খোলা ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনার পর থেকে বাড়ির দুই কেয়ারটেকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যথারীতি তারা গতকাল সকালে গেটে দায়িত্ব পালন করছিল। খুনিরা বাসার সব আসবাবপত্র ও মালামাল তছনছ করেছে। আসবাবপত্রে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিল বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। তবে খোয়া যাওয়া মালামালের প্রকৃত বিবরণ জানা যায়নি। ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কয়েকজন শিক্ষক লাশ দেখতে গিয়েছিলেন। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।