চবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ দলের প্যানেল জয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেল আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল। ১৯৯৯ সালের পর এ বছরই সমিতির ১১টি পদের সবকটিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে হলুদ দল। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর একটা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। সভাপতি পদে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. আলী আশরাফ এবং সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এম এ গফুর বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৭৯৩ জন শিক্ষকের মধ্যে ৬৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আরো জানান, সভাপতি পদে বিজয়ী ড. মো. আলী আশরাফ পেয়েছেন ৩০৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতপন্থী সাদা প্যানেলের প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী পেয়েছেন ২৩৫ ভোট। অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মাইক্রোবায়োলজী বিভাগের ড. মোহাম্মদ আবুল মনছুর, কোষাধ্যক্ষ পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, কমিপউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও কার্যকরি পরিষদের ছয়টি সদস্য পদে নির্বাচিতরা হলেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বশর মোহাম্মদ আবু নোমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী এস.এম খসরুল আলম কুদ্দুসী, নাট্যকলা বিভাগের ড. সহকারী অধ্যাপক কুন্তল বড়ুয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর মো. সাহিদুর রহমান। এদিকে হলুদ দলের বিদ্রোহী গ্রুপ ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ’ আলাদা একটি প্যানেলে নির্বাচন করে। কিন্তু তাদের সবাই পরাজিত হন।