ঢাবি শিক্ষক সমিতি
সভাপতিসহ নীল দল ৮
সম্পাদকসহ সাদা দল ৭
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ২২:৪৩
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে কার্যকর পরিষদের ১৫ পদের মধ্যে আওয়ামী লীগ ও বামদল সমর্থিত নীল-গোলাপী প্যানেল আটটি এবং বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা প্যানেল সাতটি পদে নির্বাচিত হয়েছে।
সভাপতি পদে ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নীল দলের প্রার্থী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। তার বিপরীতে সাদা দলের প্রার্থী রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. তাজমেরী এসএ ইসলাম ৫৮৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাদা দলের প্রার্থী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদ ৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপরীতে নীল দলের প্রার্থী ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক এএসএম মাকসুদ কামাল পেয়েছেন ৬২২ ভোট ।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল সোয়া ৫টায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উল্লাহ ভুঁইয়া। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সাদা দল থেকে মনোনীত মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন খান (৬১৮ ভোট) সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। নীল দল থেকে মনোনীত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক হাসিবুর রশীদ (৬৯০) কোষাধ্যক্ষ পদে, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. জিয়াউর রহমান (৭০২) যুগ্ম সাধারণ পদে নির্বাচিত হয়েছেন। সদস্যপদে নীল দল থেকে বিজয়ীরা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট ও ফার্মেসি বিভাগের অধ্যাপক এবিএম ফারুক (৬৫২), কবি জসীম উদ্দীন হলের প্রভোস্ট ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান (৭৮০), অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত (৭৩০), অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান (৬৫৪) এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী (৬১৩ ভোট)।
সদস্যপদে সাদা দলের বিজয়ী প্রার্থীরা হলেন কলা অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন (৭০৩ ভোট), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম (৬১৯), পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম (৬৭৩), ক্লিনিক্যাল ফামের্সি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক আবুল হাসনাত (৫৭৪), পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক মো. লুত্ফর রহমান (৭১৪)।
ডাকসু নির্বাচনের
দাবিতে মানববন্ধন
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণকালে বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘শিক্ষার্থী অধিকার মঞ্চ’। শিক্ষার্থীরা দ্রুত ডাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।