আনন্দ দিয়েই বছর শুরু
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ১৯:০৫
স্কুল কলেজের শিক্ষার্থীদের উত্সবের মধ্য দিয়েই বছরের যাত্রা শুরু হলো। একদিকে বছরের শেষ সপ্তাহে প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের আনন্দ উচ্ছ্বাস রয়েছে এখনো। আর বছরের প্রথম দিনের বই পাওয়ার আনন্দ ছিল শিক্ষার্থীদের জন্য স্মরনীয়।
বছরের শেষ সপ্তাহে স্কুলগুলো খুশির জোয়ারে ভেসে যায়। ছাত্রছাত্রীদের মধ্যে ছিল আনন্দের বন্যা। ফল সংগ্রহের জন্য বাবা-মাকে নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত হয় স্কুল প্রাঙ্গণে। ফল ঘোষণার সাথে সাথে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থী ও অভিভাবকরা। সবচেয়ে বেশি খুশি ছিল বাবা-মা। নামি-দামি স্কুলগুলোতে ছিল অন্যরকম চেহারা। ড্রামের তালে তালে নেচে-গেয়ে শিশুরা আনন্দ উচ্ছ্বাস করে । নিজের সাফল্য জেনে বাবা-মাকে জড়িয়ে কান্না শুরু করে দেয় অনেকে। ফল প্রকাশের পরপরই মিষ্টির দোকানে ছিল উপচেপড়া ভিড়। দুপুরের পর পরই দোকানের সব মিষ্টি শেষ হয়ে যায়। মোবাইল এবং ওয়েবসাইটের মাধ্যমেও শিক্ষার্থীরা ফল সংগ্রহ করে। তবে এসব মাধ্যমে ফল সংগ্রহ করলেও কেউ সন্তানটিকে নিয়ে স্কুলে যেতে মোটেই ভুল করেননি। ওই আনন্দ উচ্ছ্বাস যেন শিক্ষার্থীরা এখনো বইছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী শেষ করে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে ২৪ লাখ ১৫ হাজার ৩৪১ জন। এছাড়া ইবতেদায়ী উত্তীর্ন আড়াই লাখ শিক্ষার্থীও ষষ্ঠ শ্রেণীতে উঠেছে। এছাড়া অষ্টম শ্রেণী উত্তীর্ণ ১৬ লাখ শিক্ষার্থী উঠেছে নবম শ্রেণীতে। সব মিলে প্রাথমিক ও মাধ্যমিকে মোট শিক্ষার্থী ৩ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার। আর এসব শিক্ষার্থী বই পায় ২৭ কোটি।
বিগত বছর গুলোর মতো এবার প্রাথমিকের শিক্ষার্থীরা পেয়েছে বিনামুল্যের বই। তবে এবার রয়েছে ভিন্নতা। সব কারিকুলামই নতুন। এ কারণে সব বই নতুন। নতুন বই পাওয়ার গন্ধে শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত।
শিক্ষার্থীরা বই পাওয়ার পরই তারা বাবা-মায়ের হাতে তুলে দেয়। ‘নতুন বইয়ের গন্ধ শুকতেই ভালো লাগে’। জানাল রাজধানীর একটি সরকারি স্কুলের প্রথম শ্রেনীর শিক্ষার্থী সায়মা। প্রথম দিনে ক্লাস তেমন না হলেও শিক্ষার্থীরা বই নিয়ে নতুন ক্লাসে যায়। ক্লাসে শিক্ষকের উপস্থিতি তেমন ছিল না। শিক্ষার্থীদের ক্লাস করার আগ্রহও ছিল কম।
সরকারিভাবে ঘোষণা দিয়ে উত্সব আয়োজন করা না হলেও প্রকৃত পক্ষে স্কুল স্কুলে ছিল উত্সব মুখর পরিবেশ। ঘরির কাটায় সময় মিলিয়ে শিক্ষার্থীরা হাজির হয় স্কুলে। বই নেয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাড়ায়। খাতায় হাজিরা দিয়েই বই সংগ্রহ করে। আনন্দের জোয়ারে ভেসে ওঠে ছোটদের ক্যাস্পাস।
প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা নতুন বই পাওয়ার সাথে সাথে আনন্দে নেচে ওঠে। রাজধানীর একটি স্কুলের এক শিক্ষার্থী আয়শা জানায়, নতুন বইয়ে গন্ধ নিতে নিতে বাড়ি এসেছি। নতুন বইয়ে মলাট দিয়ে কাল বই নিয়ে স্কুলে যাবো। মাধ্যমিক স্তরে এবার শিক্ষার্থীরা বই পাচ্ছে বিনামূল্যে।
ছবি: সাইফুল ইসলাম