বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

কাল সুবর্ণ জয়ন্তী উত্সব

দু’দিনব্যাপী বাকৃবির সুবর্ণ জয়ন্তী উত্সব ও অ্যালামনাই পূর্ণমিলনী ৩ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হবে। অ্যালামনাই পূণর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠান সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণভাবে করার লক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। অ্যালামনাই অনুষ্ঠানকে সামনে রেখে ক্যাম্পাসে এখন বিরাজ করছে উত্সবের আমেজ। অ্যালামনাই পূণর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এ বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ দেশ-বিদেশ থেকে প্রায় ১০ হাজার কৃষিবিদের অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল ও একাডেমিক ভবনসমূহ। পুরো ক্যাম্পাস জুড়ে থাকছে দৃষ্টিনন্দন আলোকচ্ছ্বটা। অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন ঘোষণার পর শুরু হবে অ্যালামনাইয়ের মূল আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী এদিন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন মাঠে নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতিচত্ত্বরেরও উদ্বোধন করবেন। এসব অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মা. রফিকুল হক। দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আরো থাকবে বর্ণাঢ্য আনন্দ র্যালী, ৫০ বছরের বাকৃবির অর্জন নিয়ে উন্মুক্ত সেমিনার, বিশ্ববিদ্যালয়ের নানাবিধ উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে কৃষি প্রযুক্তি মেলা, স্মৃতি চারণ-আলোচনা, অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুমোদন ও এসোসিয়েশন গঠন, অ্যালামনাই কল্যাণ তহবিল গঠন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক ইত্তেফাককে বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় দীর্ঘ পথ পরিক্রমায় আজ সুবর্ণ জয়ন্তী পেরিয়ে এসেছে। অ্যালমনাই পূণর্মিলনী তথা কৃষিবিদদদের মহামিলনের এ অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ। দেশের কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে এবং খাদ্য নিরাপত্তায় এ বিশ্ববিদ্যালয়ের যে অবদান সেগুলো জাতির সামনে আরো সুন্দর করে তুলে ধরা হবে। আর এটি এ বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন একটি মাইলফলক হযে থাকবে।’