মির্জাপুরে বরাটি উচ্চ বিদ্যালয়

প্রাক্তন ছাত্রদের মিলনমেলা

নানা আয়োজন ও বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যার পরিচয় সেই বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ৯২-ব্যাচের প্রাক্তন ছাত্রদের এলামাইন ডে উদযাপিত হয়েছে। গতকাল ২৯ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। ৯২-ব্যাচের প্রাক্তন ছাত্ররা এই জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সোহাগ পল্লীর পিকনিক স্পটে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। ঘন কুয়াশা আর হাঁড় কাঁপানো শীত উপেক্ষা করে প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা এসেছিলেন এলামাইন ডের এই অনুষ্ঠানে। বরাটি উচ্চ বিদ্যালয়ের ৯২-ব্যাচের এলামাইন এসোসিয়েশন কমিটির সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান ও মূল উদ্যোক্তা এ্যাডভোকেট মনসুর রহমান, জীবন এবং দেওয়ান মাহমুদুর রহমান জানান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পুরাতন বন্ধুত্বকে নতুনভাবে জাগিয়ে তোলা। ৯২-ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এলামাইন অনুষ্ঠানে স্ফতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পুরো অনুষ্ঠানকে উজ্জীবিত করেছে। অনুষ্ঠানে পুরাতন বন্ধু-বান্ধবরা ২০ বছর পর একত্রিত হতে পেরে একে অপরকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে হাসি-কান্নায় মেতে উঠে। এ যেন অন্য এক পরিবেশের সৃষ্টি হয়। নাচ, গান, গল্পগুজব ও আড্ডায় মেতে উঠে পুরো সোহাগ পল্লী এলাকা। বেলা ১১টায় পরিচয় পর্বের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরিচয় পর্বের পর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ইত্তেফাকের মির্জাপুর প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুল, এটিএন নিউজের ম্যানেজার মার্কেটিং হারুন অর রশিদ, পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান, এ্যাডঃ মজিবুর রহমান, এ্যাডঃ মনসুর রহমান, নকিবুল হোসেন, মাহমুদুর রহমান, আরিফ হোসেন সিদ্দিকী, নিত্যরঞ্জন সরকার, ফারজানা সুলতানা পারুল, নীলু, ফারুক, আরিফ মৃধা প্রমুখ। এ দিকে দিনটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, মহিলাদের জন্য চেয়ার খেলা, ক্রিকেট ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেয়ার মধ্যদিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের সমাপ্তি হয়।