টানা পঞ্চম জয়ের লক্ষ্যে চেলসি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২০:২০
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চেলসির সামনে টানা পঞ্চম ম্যাচ জয়ের সুযোগ। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে কোচ রাফায়েল বেনিতেজের দলের প্রতিপক্ষ কুইন্সপার্ক রেঞ্জার্স। দিনের অপর খেলায় লিভারপুল মুখোমুখি হবে স্যান্ডারল্যান্ডের।
চেলসি দলের নতুন দায়িত্বপ্রাপ্ত কোচ রাফায়েল বেনিতেজের অধীনে একটু দেরিতে হলেও সাফল্য পেতে শুরু করেছে দলটি। তার অধীনে খেলা ১১টি লিগ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে ব্লুজরা। আর আজ তাদের সামনে সুযোগ টানা পঞ্চম ম্যাচ জয়ের। আর বিপক্ষ দলের শক্তিমত্তা বিবেচনা করলে কাজটা তাদের জন্য খুব কঠিন ব্যাপার হবে না। কুইন্স পার্ক রেঞ্জার্স এই মৌসুমে নিজেদের ২০টি লিগ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে। আর গত মৌসুমে এই চেলসি দলের কাছেই ৬-১ গোলে বিধ্বস্ত হতে হয় কিউপিআরকে।
নিজেদের শেষ ম্যাচে চেলসি ২-১ গোলে পরাজিত করে এভারটনকে। ম্যাচে দুটি গোল করেন ইংলিশ মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। গত কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল এই জানুয়ারিতেই চেলসি দল ছাড়ছেন এই প্লে মেকার। তবে, মাঠের দারুণ পারফরমেন্সের সুবাদে এই মুহূর্তে চেলসি দলের প্রাণভোমরা দলের হয়ে ১১ টি মৌসুম কাটানো ল্যাম্পার্ড।
১৯ ম্যাচে চেলসির পয়েন্ট ৩৮। এক ম্যাচ বেশি খেলে কুইন্স পার্ক রেঞ্জার্সের পয়েন্ট মাত্র ১০। পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত চেলসির থেকে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। চেলসি কোচ বেনিতেজ বলেন, ‘আমাদের হাতে এখনও অনেক ম্যাচ বাকি আছে। তবে শিরোপা জয়ের জন্য আমাদেরকে বাকি ম্যাচগুলোতে জিততে হবে। আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা ভাবে ভাবছি। পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে খুব বেশি ভাবছি না।’
দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে খেলার সুবিধা নিয়ে মাঠে নামছে লিভারপুল। অ্যানফিল্ড স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ স্যান্ডারল্যান্ড। এই মৌসুমে নিজেদের মাঠে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে কোচ ব্রেন্ডন রজার্সের দল। জিতেছে তার মধ্যে আটটিতেই। তাই আজকের ম্যাচেও তারাই ফেভারিট।
আর স্যান্ডারল্যান্ডের বিপক্ষে লিভারপুলের পারফরমেন্স আরো চোখে লাগার মতো। নিজেদের মাটিতে স্যান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ ১১টি ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে অল রেডরা। তাই আজকের ম্যাচটি স্যান্ডারল্যান্ডের জন্য পরীক্ষা হয়েই আসছে।
২০ ম্যাচে লিভারপুল দলের পয়েন্ট ২৮। আর সমান ম্যাচে স্যান্ডারল্যান্ডের পয়েন্ট ২২। দিনের অপর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নিউক্যাসল ইউনাইটেড ও এভারটন।
আজকের ম্যাচ
চেলসি কুইন্স পার্ক রেঞ্জার্স
লিভারপুল স্যান্ডারল্যান্ড
নিউক্যাসল ইউনাইটেড এভারটন
বেনিতেজের অধীনে খেলা ১১টি লিগ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে ব্লুজরা। আর আজ তাদের সামনে সুযোগ টানা পঞ্চম ম্যাচ জয়ের