আন্দোলনের মুখে পূর্ণ মেয়াদকাল ছুটিতে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. ইমামুল

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের পূর্ণ মেয়াদের (৪৬দিন) ছুটি মঞ্জুর করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় এর উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ আদেশ জারি হয়েছে বলে ঐ আদেশে উল্লেখ করা হয়। এছাড়াও উপাচার্যের অনুপস্থিতিতে ট্রেজারের অধ্যাপক ড.একেএম মাহবুব হাসান নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে উপাচার্যের ছুটির অফিস আদেশ পৌঁছলে তারা বাঁধভাঙ্গা উল্লাস করেন। মুহূর্তের মধ্যে এ খবরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ উল্লাস করেন। পরে একে অপরকে মিষ্টি মুখ করিয়েছেন আন্দোলনরতরা।