৫ মাসে রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:০৬
চলতি ২০১২-১৩ অর্থ বছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। আলোচ্য সময় লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ২৪ কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে যা শতকরা হিসেবে ৫ শতাংশেরও বেশি। এই সময় ৩৮ হাজার ৩৮৮ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৬ হাজার ৩৬৪ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত ২০১১-১২ অর্থ বছরের প্রথম ৫ মাসের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ১৫ শতাংশ। চলতি বছর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ধরা হয়েছে প্রায় ২২ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
মূলত আমদানি পর্যায়ে শুল্ক ও মূসক আদায় কাঙ্ক্ষিত মাত্রায় না হওয়ায় রাজস্ব আদায়ের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে রয়েছে এনবিআর। আমদানি কমে যাওয়া ও ব্যবসায়ীদের কাছ থেকে কাঙ্ক্ষিত মাত্রায় ভ্যাট আদায় করা যাচ্ছে না বলে মনে করছেন এনবিআরের কর্মকর্তারা। তবে একই সময় আয়কর অনুবিভাগ লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সমর্থ হয়েছে।
পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আমদানি পর্যায়ে ১৩ হাজার ২৯৮ কোটি টাকা শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১৩ হাজার ১২ কোটি টাকা। লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ ভাগ অর্জন করা সম্ভব হয়েছে। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে প্রায় ১০ শতাংশ।
একই সময় ১৫ হাজার ৪৭ কোটি টাকার ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে প্রকৃত আদায় হয়েছে ১৩ হাজার ২৭৫ কোটি টাকা। লক্ষ্যমাত্রার প্রায় ১২ শতাংশই অর্জন করা সম্ভব হয়নি। তবে গত ২০১১-১২ অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ের তুলনায় ভ্যাট আদায় বেড়েছে প্রায় ১২ শতাংশ।
এছাড়া আলোচ্য সময় ৯ হাজার ৬৪৩ কোটি টাকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল। আর আদায় হয়েছে ৯ হাজার ৮২৩ কোটি টাকা। এই খাতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সেই সাথে আদায়ও বেড়েছে ২৭ শতাংশ। একই সময় শুল্ক ও অন্যান্য কর মিলিয়ে ২৫২ কোটি টাকা আদায় হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৩৯৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে প্রায় ৪০ শতাংশ।
তবে এনবিআর মনে করছে অর্থ বছরের বাকি সময় রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। সম্প্রতি এনবিআরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বলেছেন, চলতি বছর রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে এনবিআর। যদিও সংশ্লিষ্টরা মনে করছেন, শুল্ক ও ভ্যাট ফাঁকি ঠেকাতে না পারলে রাজস্বের এই লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।