বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

দেশের বিভিন্ন স্থানে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। খবর দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের। স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বর্ডার গার্ড বিজিবি-২ এর পক্ষ হতে দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২ দিন ধরে দিনাজপুর শহরের রেলস্টেশনে এবং সীমান্ত এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার রাতে দিনাজপুর রেলস্টেশনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিজিবি-২ এর অধিনায়ক লেঃ কর্ণেল ফজলে কাদির। এসময় উপ-অধিনায়ক মেজর মুনতাসির মামুনসহ বিজিবি-২ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিরলের বিভিন্ন সীমান্তে মেজর মুনতাসির মামুন শীতবস্ত্র বিতরণ করেন। মেহেরপুর\ মেহেরপুর আননুর ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহরের ছিন্নমূল গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আননুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আল আমিন ইসলাম বকুল উপস্থিত থেকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় আননুর ফাউন্ডেশনের সদস্য সচিব তারিক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ মেহেরপুর শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার ছিন্নমূল গরীব-দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ মেহেরপুর শাখার ব্যবস্থাপক আব্দুর রশিদ উপস্থিত থেকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার গরীব-দুস্থ্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। ব্যাংকার রাকিবুল ইসলাম, নাজমূল ইসলাম, মিজানুর রহমান, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। নেত্রকোনা \ নেত্রকোনা সদর উপজেলা পরিষদের পক্ষ হতে গত সোমবার রাতে নেত্রকোনা শহরের রেল স্টেশনগুলোতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান এবং ইউএনও জাকিয়া পারভিন। পিরোজপুর অফিস\ অগ্রণী ব্যাংক লিমিটেড পিরোজপুর আঞ্চলিক অফিস জেলার ৭টি শাখার মাধ্যমে শীতার্ত-দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় শহরের মেইন রোড শাখায় অঞ্চল প্রধান ও সহকারী মহা-ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন এ কম্বল বিতরণ উদ্বোধন করেন। এসময় শাখা ব্যবস্থাপক মশিউর রহমান ছাড়াও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শহরের গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঝালকাঠি \ রোটারী ক্লাব অব ঝালকাঠির উদ্যোগে পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন শীতবস্ত্র বিতরণ করে মঙ্গলবার। এতে সহযোগিতা করেন বিশিষ্ট শিল্পপতি মর্তুজা আলী। মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্ত দুস্থ ও অসহায়দের মাঝে সরকারিভাবে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। মুকসুদপুর (গোপালগঞ্জ) \ গোপালগঞ্জের মুকসুদপুর শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১শ’ কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অসহায় দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ খায়রুজ্জামান। গোপালপুর (টাঙ্গাইল) \ ধনবাড়ী উপজেলার দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে গত সোমবার শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা ১৯ গ্রীন রোডের বয়স্বী কল্যাণ সমিতির উদ্যোগে এবং ধনবাড়ি চাঁদের হাট অন্বেষা শাখার ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু, উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মীর আশরাফ, পৌরসভার প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক, চাঁদের হাট অন্বেষা শাখার সভাপতি খন্দকার বজলুর রহমান এসময়ে উপস্থিত ছিলেন। মধুখালী (ফরিদপুর)\ ফরিদপুরের মধুখালীতে সোমবার রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম মধুখালী উপজেলার কামারখালী ও ডুমাইন বাজারে শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক আঃ সালাম বিশ্বাস, মিরাজুল ইসলাম মিল্টনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।