বিটিসিএলের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

চাকরি স্থায়ী করার দাবিতে সিলেট, খুলনা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিটিসিএল-এর কর্মচারীরা সোমবার মানববন্ধন ও সমাবেশ করে। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিলেট চাকরি স্থায়ী করার দাবিতে সিলেট বিটিসিএল কার্যালয়ের সামনে সোমবার মানববন্ধন ও সমাবেশ করছেন বাংলাদেশ টেলি কমিউনিকেশনস কোম্পানি লিমিটেড ( বিটিসিএল) সিলেট অঞ্চলের সাড়ে ১৮ শ‘কর্মচারীর পক্ষে দুই শতাধিক কর্মচারী অংশ নেন। ওয়ার্কচার্জড-ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী দাবি বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে সমাবেশে অন্দোলনকারীরা বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ও প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও বিটিসিএলের দুই হাজার ৯৭২ জন ওয়ার্কচার্জড কর্মচারী এবং এক হাজার ৮৫৭ জন ক্যাজুয়াল কর্মচারীর চাকরি স্থায়ী করা হচ্ছে না। ফলে শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে কাজ করছে। সমাবেশে বক্তারা দ্রুত শ্রমিকদের চাকরি স্থায়ী করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। সিলেট বিটিসিএল ওয়ার্কচার্জড-ক্যাজুয়েল শ্রমিক কর্মচারী দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক কুনু মিয়া, যুগ্ম আহবায়ক বুরহান মিয়া, মুহিবুর রহমান চৌধুরী রাকিব, সদস্য সচিব শাহজাহান আলী, মৌলভীবাজার নুরুজ্জামান সুনামগঞ্জ জেলা আহবায়ক মকসুদ আলী,হবিগঞ্জ জেলা আহবায়ক মকবুল আহমদ প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। খুলনা খুলনা আঞ্চলিক ওয়ার্কচার্জড ও ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী বাস্তবায়ন কমিটি প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, এক শ্রেণীর আমলারা তা বাস্তবায়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। তাই বিটিসিএলকে পূর্ণাঙ্গ কোম্পনিতে রূপান্তর করে এ সকল কর্মচারীদেরকে আত্মীকরণ করে স্থায়ীভাবে নিয়োগদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট বিশেষভাবে দাবি জানান। বক্তৃতা করেন সিবিএ আঞ্চলিক কমিটির নেতা লুত্ফর রহমান, আরিফুজ্জামান আরিফ, ওয়ার্কচার্জড কল্যাণ সমিতির নেতা রুহুল আমিন, শাহবুদ্দীন, ক্যাজুয়াল কল্যাণ সমিতির নেতা বাদল বিশ্বাস, নাজমুল হক, আব্দুল আলী প্রমুখ। রংপুর বিটিসিএল’র ওয়ার্কচার্জড-ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী দাবি বাস্তবায়ন বিভাগীয় কমিটির উদ্যোগে সোমবার নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রংপুর বিভাগের ৮ জেলার বিটিসিএল’র ওয়ার্কচার্জড-ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কমিটির আহ্বায়ক জমশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিটি সদস্য সচিব নিজাম উদ্দিন, মোকাররম হোসেন রানা, দেলোয়ার হোসেন, দিনাজপুরের সদস্য হাবিবুর রহমান চৌধুরী রেজু, আশরাফুল আলম, বগুড়ার সদস্য কামাল পাশা, রাকিবুল হাসান, রুমেল সরকার, গাইবান্ধার সদস্য আলম মিয়া প্রমুখ।