বড়াইগ্রামের ৩ লাখ মানুষের
জন্য ৫১৪ টি কম্বল!
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১২
উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে অন্যান্য অঞ্চলের মত নাটোরের বড়াইগ্রামেও সপ্তাহকাল ধরে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। এদিকে উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের প্রায় ৩ লক্ষাধিক লোকের বিপরীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ৫১৪ টি কম্বল! এ সামান্য পরিমাণ কম্বল নিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।
প্রকল্প অফিস সূত্রে জানা যায়, বরাদ্দকৃত কম্বলগুলোর মধ্যে বড়াইগ্রাম পৌরসভায় ৪০টি ও বনপাড়া পৌরসভায় ৬৪টি, গোপালপুর ইউনিয়নে ৫০টি, জোনাইল ইউনিয়নে ৪০টি এবং বড়াইগ্রাম ও নগর ইউনিয়নে ৭০টি করে, মাঝগাঁও, চান্দাই ও জোয়াড়ি ইউনিয়নে ৬০টি করে কম্বল বরাদ্দ দেয়া হয়।
চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান খেচু বলেন, বরাদ্দ দেয়া শীতবস্ত্র পরিমাণে খুব কম। তাই চুপেচাপে তালিকা করে অপেক্ষাকৃত দুস্থদের মাঝে বিতরণের চেষ্টা করছি। পরিমাণে কম হওয়ায় বিতরণে কিছুটা সমস্যা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সরকার আমাদেরকে যা বরাদ্দ দিয়েছে, আমরা জনসংখ্যা অনুপাতে তা চেয়ারম্যানদের কাছে ভাগ করে দিয়েছি।
৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা
নাটোরের বড়াইগ্রামে সরকারি ওষুধ বিক্রি, অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহার ও পার্শ্ব সংযোগ দেয়ায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম বৃহস্পতিবার এ জরিমানা করেন।