‘চৌকিদার চোর’ প্রচারণার জন্য ক্ষমা চাইবেন না রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে ‘চৌকিদার চোর’ প্রচারণা চালানোর জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যদিও রাফায়েল প্রতিরক্ষা চুক্তি মামলায় আদালত অবমাননার নোটিসের জবাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি। গতকাল সোমবার এ ব্যাপারে সুপ্রিম কোর্টে নতুন হলফনামা জমা দেন রাহুল। তিনি জানান, আদালতকে রাজনীতির মধ্যে টেনে আনার কোনো ইচ্ছা ছিল না। বরং বিজেপি বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত টেনে নিয়ে রাজনৈতিকভাবে সুবিধা আদায়ের চেষ্টা করেছে।উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাফালে মামলার নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করে সুপ্রিম কোর্ট। এরপরেই উত্তর প্রদেশের আমেথির এক নির্বাচনী সভায় রাহুল গান্ধী দাবি করেন, শীর্ষ আদালতের রায়ে প্রধানমন্ত্রী মোদিকে চোর বলা হয়েছে। কংগ্রেস সভাপতির এমন মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করেন বিজেপির সংসদ সদস্য মীনাক্ষী লেখি। মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ, রাহুল গান্ধীর কাছে ওই মন্তব্যের ব্যাখ্যা চায়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল শীর্ষ আদালতে দুঃখপ্রকাশ করেন রাহুল। যদিও তাতে সন্তুষ্ট নয় আদালত। এরপর কংগ্রেস সভাপতির কাছে রাফালে রায় নিয়ে মন্তব্যের জন্য হলফনামা চায় আদালত। 

এদিকে প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহের ব্যাপারে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এবার সুপ্রিম কোর্টে গিয়েছে কংগ্রেস। সোমবার আদালতে ১৪৬ পাতার একটি আবেদন জমা দেন দলের সংসদ সদস্য সুস্মিতা দেব। তাতে তিনি জানিয়েছেন, একাধিকবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ।