ঝিনাইদহে গ্রামবাসীর হাতে মারা পড়ছে মেছোবাঘ

ঝিনাইদহ জেলায় আবাসস্থল সংকুচিত হয়ে পড়ায় খাবারের অন্বেষণে গ্রামে ঢুকে পড়ে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী নিধন হচ্ছে। বিশেষ করে মেছোবাঘ, বনবিড়াল, সজারু ও নেউল মারা পড়ছে। সোমবার শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামে দুটি মেছোবাঘ খাবারের সন্ধানে জনৈক খায়রুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে। এরপর ছেলে বুড়ো মিলে লাঠিপেটা করে বন্যপ্রাণী দুটি হত্যা করে। এর আগে কোটচাঁদপুর উপজেলার কুশনা ও তালশার গ্রামে ৮টি, কালীগঞ্জের ছালাভরা ও নিশ্চিন্তপুর গ্রামে ৫টি, শৈলকুপার উত্তর মির্জাপুর গ্রামে ৩টি এবং হরিণাকুন্ডুর ভায়না গ্রামে ২টি মেছোবাঘ হত্যা করা হয়। কোটচাঁদপুর বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুটি মামলাও দায়ের করা হয়েছিল। ঝিনাইদহ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকার জানান, এসব বন্যপ্রাণী পরিবেশ ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা করে থাকে। বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। এদের রক্ষার জন্য প্রচার-প্রচারণা প্রয়োজন বলে তিনি জানান।