এক জমিতে একই সাথে নয় ফসল
মতলব, উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:২০
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মোহনপুর ইউনিয়নের পাঁচানীতে (বৌবাজার) একই সাথে ৯ ফসলের আবাদ করলেন স্থানীয় কৃষক জসিম উদ্দিন। তার জমিতে একই সাথে পিঁয়াজ, রসুন, মরিচ, ধনেপাতা, টমেটো, মূলা, লাল শাক, কালো বেগুন ও আখের আবাদ করা হয়েছে। এ ব্যাপারে কৃষক জসিম উদ্দিনের সাথে আলাপে জানা যায়, দীর্ঘদিন যাবত্ তিনি শীতকালীন শাক-সবজি ও আখের চাষ করে লাভবান হচ্ছেন। গত কয়েক বছর একই জমিতে একসাথে পিঁয়াজ, রসুন, মরিচ, ধনেপাতা, টমেটো, মূলা, লাল শাক, কালো বেগুন ও আখের চাষ করে সুফল পাচ্ছেন। এতে এক ফসলের জন্য অন্য ফসলের কোন ক্ষতি হচ্ছে না বরং অধিক মুনাফা অর্জনের ক্ষেত্রে সহায়ক হচ্ছে। তার দেখাদেখি এখন স্থানীয় অনেকে এভাবে একই জমিতে কয়েক রকমের ফসল ফলাচ্ছেন। ঐ জমিতে ঘুরে দেখা গেল জসিম উদ্দিন তার জমিতে ৯টি ফসল যেভাবে করেছেন তাতে একইসাথে ৯টি ফসলের ফলন উঠবে না। ফসলগুলোতে ধারাবাহিকভাবে ফলন আসবে এবং তিনি সেভাবেই ফসলগুলো চিহ্নিত করেছেন। যার কারণে একসাথে ৯ ফসলের আবাদ করে তিনি কম সময়ে অধিক লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানান, ঐ কৃষক একই সাথে যে ধরনের ৯টি ফসল করেছেন তাতে জমির কোন ক্ষতি হবে না বরং কৃষক লাভবান হবেন। সাথী ফসল ধনিয়া গাছের ঝাঁঝের কারণে জাবপোকাসহ ক্ষতিকর অন্যান্য পোকা জমিতে আক্রমণ করতে পারবে না। অন্যান্য ফসলের জন্য তা উপকার হবে।