সাত মাসে পাঁচ হাজার রোহিঙ্গাকে পুশব্যাক

মিয়ানমারের রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে জাতিগত নিপীড়নের শিকার হয়ে দলে দলে দেশ ছাড়ছে। গত বছরের জুন মাসে দাঙ্গার পর এই হার মারাত্মকভাবে বৃদ্ধি পায়। দাঙ্গার পর গত প্রায় ৭ মাসে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পাঁচ হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন। তবে স্থানীয় সূত্রের দাবি, আটকের অন্তত ১০ গুণ রোহিঙ্গা নানা কৌশলে বাংলাদেশে অনুপ্রবেশ করে বিভিন্নস্থানে অবস্থান করছে। উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান বলেন, মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গার পর বাংলাদেশে রোহিঙ্গাদের চাপ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। বিজিবি সদস্যরা এই চাপ সামলাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে। প্রতিদিন অসংখ্য রোহিঙ্গাকে আটক করে পুশব্যাক করছে।