উলিপুরে অর্থ আত্মসাতের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান সাসপেন্ড
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:২১
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ‘স্থানীয় সরকার শক্তিশালীকরণ’ প্রকল্প এলজিএসপি-২ এর বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে ২ ইউপি চেয়ারম্যান ও ৪ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পৌঁছেছে।
এ প্রকল্পের অনুকূলে ঐ উপজেলার ১৩টি ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকা থোক বরাদ্দ প্রদান করা হয়। গত জুন মাসে তড়িঘড়ি করে অধিকাংশ চেয়ারম্যান নির্দেশনা অগ্রায্য করে কাল্পনিক প্রকল্প ও ভুয়া ভাউচার দাখিল করে বরাদ্দকৃত অর্থ সমুদয় উত্তোলন পূর্বক আত্মসাত্ করে। এরই পেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ ও ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান একরামুল হক মানিকসহ ঐ ইউনিয়নের ৪ জন সদস্য ফরিদা পারভিন, সুফিয়া বেগম, আমিনুল ইসলাম ও আব্দুল আজিজকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্তের খবর প্রকাশ পেলে বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাঝে আতংক লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম সাময়িক বরখাস্তের কথা স্বীকার করেন।