পিরোজপুর জেলার ইন্দুরকানীতে টেন্ডার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান লাঞ্ছিত হয়েছেন। হামলায় আহত মনিরুজ্জামানকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টেন্ডার কমিটি সব বিদ্যালয়ের টেন্ডার স্থগিত করে পুনরায় টেন্ডার আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে উপজেলার পরিত্যক্ত চারটি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিলামের ওপেন টেন্ডারের দিন ধার্য ছিল। কিন্তু এর আগে চারটি বিদ্যালয়ের মধ্যে ২৪নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান তার বিদ্যালয়টি নিলাম টেন্ডার থেকে বাদ দেওয়ার জন্য টেন্ডার কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ তার আবেদনের ভিত্তিতে ওই বিদ্যালয়টির টেন্ডার স্থগিত করেন। গতকাল সোমবার সাড়ে দশটার দিকে ওপেন টেন্ডারে অংশগ্রহণ করতে আসা সুবিধাভোগীসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী উপজেলা শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে এসে দেখে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টেন্ডার স্থগিত। পরে অফিস থেকে তারা জানতে পারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আবেদনে টেন্ডার কমিটি স্থগিত করা হয়েছে। এরপর তারা ওই নেতাকে খুঁজতে থাকে। কিছু সময়ের মধ্যেই উপজেলা পরিষদের সামনে মনিরুজ্জামানকে পেয়ে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা টেন্ডার স্থগিতের জন্য তাকে গালাগালি করে। তখন তাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা এলোপাতাড়ি কিল ঘুষি দিয়ে তাকে মাটিতে ফেলে দিয়ে চরমভাবে লাঞ্ছিত করে।