ঢাকায় আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু শুক্রবার

দক্ষিণ এশিয়ার পানিসম্পদ বিষয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৪ ও ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে “দক্ষিণ এশিয়ার পানিসম্পদ:বৈরিতা থেকে সহযোগিতা” শীর্ষক এই সম্মেলন। এর আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অনেকগুলো বেসরকারি সংগঠন এই সম্মেলনের সহ-আয়োজক হিসাবে রয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন সম্মেলন আয়োজন কমিটির সদস্য সচিব ও বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন। এছাড়াও বক্তব্য রাখেন বাপা সভাপতি এএসএম শাহজাহান, সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বেন-এর গ্লোবাল সমন্বয়কারী ড. নজরুল ইসলাম, সম্মেলন আয়োজন কমিটির কো-চেয়ারম্যান ড. এম খালেকুজ্জামান, বেন অস্ট্রেলিয়া শাখার সমন্বয়ক কামরুল আহসান খান প্রমুখ। এছাড়াও বাপা’র সহ-সভাপতি এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, বাপা’র প্রাক্তন সাধারণ সম্পাদক মহিদুল হক খান ও বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলনের মূল লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকার দেশসমূহের পানিসম্পদ উন্নয়ন কার্যক্রম, তার পেছনে কার্যকর মূল নীতি-দর্শন ও কাজের প্রক্রিয়ার অভিজ্ঞতাসমূহ নিরীক্ষণ, সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সবলতা ও দুর্বলতাসমূহ চিহ্নিতকরণ, বিশ্বের অন্যান্য স্থানের অববাহিকাভিত্তিক বহুরাষ্ট্রীয় সহযোগিতামূলক পানি ব্যবস্থাপনার মূল্যায়ন, এ অঞ্চলের দেশসমূহের জন্য ব্যবহার উপযোগী পানিসম্পদ সংরক্ষণ ও ব্যবহার নীতিমালা বিষয়ে সুপারিশ প্রণয়ন ইত্যাদি।