টেলিটকের থ্রি-জি মডেম বাজারে

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাজারে এনেছে দ্রুত গতিসম্পন্ন থ্রি-জি মডেম ‘ফ্ল্যাস’। থ্রি-জি চালুর আড়াই মাস পর মঙ্গলবার থেকেই এই মডেম বাজারে ছাড়া হয়েছে। গতকাল দুপুরে রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে থ্রি-জি মডেম ‘ফ্ল্যাস’ এর আনুষ্ঠানিক বাজারজাত করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান থ্রি-জি মডেম ‘ফ্ল্যাস’ এর বাজারজাতের ঘোষণা দিয়ে বলেন, ইন্টারনেট ব্যবহারকারী সব ধরনের গ্রাহকদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে এই মডেম। ডাউনলোড ও আপলোড স্পিডের সামঞ্জস্যপূর্ণ সর্বোচ্চ ৪ এমবিপিএস গতিসম্পন্ন ‘প্লাগ এন্ড প্লে’ ডিভাইসের বৈশিষ্ট্যগুলো তুলে ধরে মুজিবর বলেন, সিমসহ এ ‘ফ্ল্যাস’ মডেম এর মূল্যে রাখা হয়েছে দুই হাজার পাঁচশ টাকা। ফ্রি শেষ হলে ইচ্ছেমত প্যাকেজ নেয়ার সুযোগ থাকছে। প্রিপেইড প্যাকেজে ১০ জিবি এবং পোস্টপেইড প্যাকেজে ১২ জিবি ডাটা বিনামূল্যে দেয়া হচ্ছে বলে জানান টেলিটক জেনারেল ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস) হাবিবুর রহমান। গত ১৪ অক্টোবর থেকে টেলিটক পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ঢাকায় থ্রি-জি সেবা শুরু করে। রাজধানীর বাইরে টেলিটক থ্রি-জি সেবা শুরু করবে জানিয়ে মুজিবর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম ও সিলেটে এ সেবা শুরু করা সম্ভব হবে।