যুক্তরাষ্ট্রে ফিসক্যাল ক্লিফ
সিনেটে বিল পাসের পর
অপেক্ষা প্রতিনিধি
পরিষদের
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২২:২৫
যুক্তরাষ্ট্রে কর বৃদ্ধি এবং সরকারি ব্যয় কমানো সংক্রান্ত বিলটি গতকাল মঙ্গলবার দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে। বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। মধ্যবিত্ত শ্রেণীর ওপর করের বোঝা কমানো এবং শীর্ষ ধনীদের ওপর কর বাড়ানো সংক্রান্ত এ বিলটি ‘ফিসক্যাল ক্লিফ’ নামে পরিচিত। খবর বিবিসি ও রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মধ্যরাতে সিনেটে ৮৯-৮ ভোটে বিলটি পাস হয়। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটের রিপাবলিকান সদস্যদের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে সমঝোতা চুক্তির সময় পার হওয়ার দুই ঘন্টা পর বিলটি পাস হয়। তবে দেশটিতে ছুটি থাকায় অর্থনীতির ওপর তেমন একটা প্রভাব পড়েনি। ফলে কিছুটা স্বস্তিতে আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে প্রতিনিধি পরিষদের দিকে তাকিয়ে আছেন তিনি। প্রতিনিধি পরিষদে পাস হলেই চূড়ান্ত হবে বিলটি। সিনেটে ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রতিনিধি পরিষদে বিরোধী রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। মঙ্গলবার (গ্রানিচমান সময় ১৭.০০ ঘন্টায়) প্রতিনিধি পরিষদের অধিবেশন বসার কথা রয়েছে। ওই অধিবেশনেই বিলটি অনুমোদন পেতে পারে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের কর রেয়াত আইনের মেয়াদ শেষ হয়ে গেছে সোমবার মধ্যরাতেই। এখন বিলটি প্রতিনিধি পরিষদে অনুমোদন না পেলে করদাতা সব নাগরিকের ওপর করের বোঝা চেপে যাবে। এছাড়া বেকার ভাতা নিয়েও বাড়বে জটিলতা। পাশাপাশি ব্যয় কমানোর জন্য বাজেট হ্রাসের সিদ্ধান্ত কার্যকর হবে, আর তাতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজিক খাতগুলোতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সকালে সিনেটে বিলটি পাসের পর ওবামা প্রতিনিধি পরিষদের সদস্যদের সিনেটকে অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, এই চুক্তি আমাদের দেশের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত এবং দেরি না করে প্রতিনিধি পরিষদে এটা পাস হওয়া উচিত।