ভোলা শহরে আনন্দ মিছিল
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৭
ভোলা জেলা শহরকে মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য অবশেষে তোফায়েল আহমেদ এমপির প্রচেষ্টায় ১০৫ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের খবরে ভোলা শহর মিছিলের নগরীতে পরিণত হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর হাজার হাজার মানুষ ঢোলবাদ্য নিয়ে রং ছিটিয়ে মিছিলে অংশ নেয়। এ সময় মিছিলকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপিকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।
এখানে উল্লেখ্য, ভোলা একটি সম্ভাবনাময় মত্স্য ও গ্যাস সমৃদ্ধ জেলা হলেও নদী ভাঙনে প্রতিবছর শতশত পরিবার গৃহহীন হয়ে শহর রক্ষা বাঁধে আশ্রয় নেয়। বারংবার দাবি করা সত্ত্বেও কোন সরকারের আমলেই ভাঙন রোধে তেমন কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে আওয়ামী লীগ আমলে শহর রক্ষা বাঁধের উল্লেখযোগ্য কিছু কাজ হওয়ায় ভোলা শহর এখনো ভাঙনের কবলে পড়েনি। তবে মেঘনা থেকে ভোলা শহরের দূরত্ব এখন মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার। অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়িত হলে সদর উপজেলার ধনিয়া, কাচিয়া ও ইলিশা এই তিনটি ইউনিয়ন মেঘনার ভাঙন থেকে রক্ষা পাবে এবং ভোলা শহর ঝুঁকিমুক্ত হবে।