বটিয়াঘাটায় মূল বইয়ের
আগেই প্রাথমিক শিক্ষকদের
দেয়া হলো গাইড বই!
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৮
বছরের শুরুতে মূল পাঠ্য পুস্তক শিক্ষার্থীদের হাতে না পৌঁছাতেই ঢাকার একটি লাইব্রেরির গাইড বই শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে। এই গাইড বই শিশুদেরও কেনার পরামর্শ দেয়া হয়েছে। এর ফলে অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে রবিবার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ গাইড বই গ্রহণ করেন। প্রাথমিক স্কুল শিক্ষক সমিতির জরুরি সভা ডেকে সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতেই গাইড বই তুলে দেয়া হয়। ঢাকার বাংলাবাজার থেকে ‘পুথিনিলয়’ প্রকাশিত গাইড বইয়ের নাম দেয়া হয়েছে সামসাদ (SAMSAD) একের ভিতর সব। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির গাইড বই বিতরণের সাথে প্রতি শিক্ষককে ১০০ টাকা যাতায়াত ভাড়া হিসেবেও দেয়া হয়েছে। শিক্ষকদের বলা হয়েছে তারা যেন ছাত্রদের এই গাইড বই ক্রয় করতে বলেন।
বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক স্কুল শিক্ষা কর্মকর্তা কামরুল আলমের সাথে আলাপ করলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কোন কিছুই জানেন না। তবে এভাবে গাইড তুলে দেয়ার বিষয়টি তিনি দেখবেন। প্রাথমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি জোতিন্দ্র নাথ জানান, এভাবে গাইড দেয়া হবে আগে থেকে তারা জানতেন না। সমিতির উন্নয়নের জন্য সভা ডাকা হলে সকল স্কুলের প্রধান শিক্ষকগণ হাজির হয়।
এ সুযোগে খুলনার জনৈক এনামুল হক তাদের হাতে গাইড বই তুলে দেন। তবে তারা গাইড নিতে কোন আপত্তি করেননি বলে স্বীকার করেন। অভিভাবক বিবেক বিশ্বাস বলেন, এভাবে ছাত্র-ছাত্রীদের হাতে মূল পাঠ্যবই দেয়ার আগে গাইড তুলে দেয়া চরম অনৈতিক কাজ। এর নিন্দা জানানোর ভাষা জানা নেই। বিষয়টি দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।