শেষ হলো থিয়েটার ’৭৭-এর বর্ষপূর্তি উত্সব
রুমী খোন্দকার, পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ১৮:৩৩
পাবনায় একটি স্থায়ী নাট্যমঞ্চ তৈরির দাবি আর নানা আয়োজনের মধ্যে দিয়ে গত ২৫ ডিসেম্বর রাতে শেষ হলো পাবনার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন পাবনা থিয়েটার ’৭৭-এর দুই দিনব্যাপী বর্ষপূর্তি উত্সব। ২৪ সেপ্টেম্বর ৩৫ বছর পার করে ৩৬ বছরে পা রেখেছে এই নাট্য সংগঠন। আর এ উপলক্ষে পাবনা টাউন হল মুক্তমঞ্চে আয়োজন করা হয় দুই দিনব্যাপী বর্ষপূর্তি উত্সব। আলোচনা সভার পর শিল্পীরা পরিবেশন করেন মুক্তিযুদ্ধের গান। শেষে চাটমোহর মূলগ্রামের চিকনাই থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘ফুটপাত’ এবং পাবনা থিয়েটার ’৭৭ মঞ্চস্থ করে নাটক ‘ট্রাইব্যুনাল’। ‘প্রান্তিকের মোহনায় এ শহর জাগবে আবার নাট প্রদীপের মায়াবী মায়ায়’—এই শিরোনামে সোমবার বিকাল সাড়ে চারটায় উত্সবের উদ্বোধন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম। এরপর জেলার সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহনে পাবনা টাউন হল মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ নূরুন্নবী। উদ্বোধনী আলোচনা সভা শেষে সন্ধ্যা ৭টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।