জন্মদিন : শহীদুজ্জামান সেলিম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়েই তিনি যুক্ত হয়ে পড়েছিলেন নাট্য আন্দোলনের সাথে। পরবর্তীতে ১৯৮০ সালে এসে যোগ দেন ঢাকা থিয়েটারে। এর প্রায় ৯ বছর পরে বিটিভি’র আলোচিত ধারাবাহিক ‘জোনাকি জ্বলে’র মধ্যদিয়ে ছোটপর্দায় অভিষেক ঘটে তার। এতক্ষণ যার কথা বলা হলো, তিনি একটি প্রজন্মের নেতৃত্ব দেওয়া অভিনেতা শহীদুজ্জামান সেলিম। যদিও এই প্রজন্মের দর্শকেরা অভিনেতার পাশাপাশি একজন সফল নির্মাতা হিসেবেও চেনেন তাকে। ইতোমধ্যেই তার পরিচালিত ‘স্পর্শের বাইরে’ এবং ‘রঙছুট’-এর মতো নাটকগুলো ছোটপর্দার দর্শক ও সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এ ছাড়া ‘৬৯’ এবং ‘চলছে চলবে’র মতো একাধিক মেগাসিরিয়াল তার অভিনয়ে সমৃদ্ধ। ‘বাজিকর’-এর মতো একক নাটক এবং ‘মেইড ইন বাংলাদেশ’, ‘চন্দ্র গ্রহণ’ এবং সম্প্রতি মুক্তি পাওয়া ‘চোরাবালি’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের কাছে ভিন্ন মাত্রার জনপ্রিয়তা অর্জন করেছেন শহীদুজ্জামান সেলিম। এর পাশাপাশি ‘যৈবতী কন্যার মন’ নাটকের মধ্য দিয়ে সম্প্রতি মঞ্চ নাটকেও প্রত্যাবর্তন করেছেন তিনি। আগামী ৫ জানুয়ারি ছোটপর্দার এই শক্তিমান অভিনেতা ও নির্মাতার জন্মদিন। আর তাই আনন্দ বিনোদন পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ০৫ জানুয়ারি :চম্পা, শহীদুজ্জামান সেলিম, ফয়সাল ০৬ জানুয়ারি :ইকবাল আহমেদ ০৭ জানুয়ারি :নিকোলাস কেইজ