নাফিজার মাকড়সা

দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও বছরের শুরুতেই নাফিজা অভিনীত ধারাবাহিক নাটক শুরু হলো। রেজাউর রহমান রিজভীর রচনা ও শেখ সেলিমের পরিচালনায় ‘মাকড়সা’ নামের নাটকটি গত ১ জানুয়ারি থেকে আরটিভিতে শুরু হয়েছে। এতে আরও অভিনয় করেছেন সোহেল খান, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, ফারাহ রুমা, নোভা, লামিয়া মিমো, নিলয়, মিশু সাব্বির, ইলোরা গহর, শর্মিলী আহমেদ, রহমত আলী, মাসুদ আলী খান প্রমুখ। হাস্য-রসাত্মক এই নাটকে শহরাঞ্চলের ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িয়ালাদের আন্তঃসম্পর্ক তুলে ধরা হয়েছে। এ ছাড়া রাজনীতির প্রভাবে দল-বদলের খেলা ও প্রেম-ভালোবাসার বর্তমান রূপ নাটকের কাহিনীতে উঠে আসবে। ‘মাকড়সা’ ধারাবাহিক নাটকটি সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে।